শ্যামনগরে জমি দখলে বাধা গুলিতে নয়জন আহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে প্রতিপক্ষের গুলিতে নয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আবদুস সাত্তার নামের একজনকে গ্রেপ্তার করেছে।গ্রামবাসী ও পুলিশ জানায়, গ্রামের আবদুস সাত্তার ও আবদুল গফ্ফারের মধ্যে ৪৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুস সাত্তারের দখলে থাকা ওই জমিতে আবদুল গফ্ফার গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শতাধিক লোক নিয়ে বেড়া দিতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সাত্তার ঘর থেকে প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে সাত্তারের ছেলে শরীফুল ইসলাম ও ওসমান গনি, সোহরাব হোসেন, আবদুর রহমান, শাহীনুর রহমান, আবদুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, সাইদুর রহমান ও ইয়াসিন আলী গুলিবিদ্ধ হন।আবদুল গফ্ফারের দাবি, সমপ্রতি তাঁরা আদালতের রায় পেয়ে গতকাল ওই জমিতে বেড়া দিতে গেলে সাত্তার তাঁদের ওপর গুলি চালান। সাত্তারের ছেলে সিরাজুল ইসলাম অভিযোগ করেন, আবদুল গফ্ফার লোকজন নিয়ে তাঁদের জমি দখল করতে আসেন। এ সময় অজ্ঞাত স্থান থেকে তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তাঁর ভাইসহ কয়েকজন আহত হন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালালউদ্দিন জানান, সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। আবদুল গফ্ফার বাদী হয়ে সাত্তারসহ ১১জনকে আসামী করে মামলা করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় বন্দুকের গুলিতে আট-নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।