শ্যামনগরে ঝুঁকিতে বেড়িবাঁধ ৩০ গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে সংস্কার না করায় সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের ৫ নম্বর পোল্ডারের প্রায় দুই হাজার ৩০০ মিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিগগিরই সংস্কারের উদ্যোগ না নিলে বেড়িবাঁধের এ অংশ যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করছেন।গত রোববার রাতে খোলপেটুয়া নদীর ৫ নস্বর পোল্ডারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পশ্চিম দুর্গাবাটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র (সাইক্লোন শেল্টার) সংলগ্ন এলাকায় জলকপাটটি (স্লুইস গেট) ভেঙে যায়। এতে জোয়ারের সময় নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ছে। এ কারণে পশ্চিম দুর্গাবাটি, ভামিয়া, মাদিয়া, কুপোর্ট, চণ্ডীপুর, দাতিনাখালী এবং আশপাশের গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয় লোকজন জানান, দুর্গাবাটি, ভামিয়া, মাদিয়া, পোড়াকাটলা, পশ্চিম কৈখালীসহ আশপাশের এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাঙন অব্যাহত থাকায় পশ্চিম দুর্গাবাটি, ভামিয়া, পশ্চিম কৈখালী ও পোড়াকাটলা এলাকার বাঁধ সরু হয়ে গেছে। যেকোনো মুহূর্তে উচ্চ জোয়ার বা ঝড় শুরু হলে বাঁধ নদীতে বিলীন হয়ে ৩০টি গ্রাম প্লাবিত হতে পারে।দুর্গাবাটি গ্রামের করুণা মণ্ডল ও ভামিয়ার গৌর প্রামাণিকসহ অনেকে জানান, চরের গাছ কেটে নেওয়ায় নদীর ঢেউ উপকূল রক্ষাবাঁধের গায়ে এসে আছড়ে পড়ছে। পাশাপাশি চিংড়ি চাষের জন্য বাঁধ ছিদ্র করে লোকালয়ে নদীর পানি ঢোকানো হচ্ছে। এতে বেড়িবাঁধ বেশ দুর্বল হয়ে পড়েছে। পাউবোর শ্যামনগর অঞ্চলের উপসহকারী প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার জানান, ৫ নম্বর পোল্ডারের প্রায় দুই হাজার ৩০০ মিটার এলাকা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পাউবোর ওই কর্মকর্তা দাবি করেন, ভামিয়া, পশ্চিম কৈখালীসহ অন্যান্য জায়গার ভয়াবহতার কথা জানিয়ে ২৩ আগস্ট পাউবোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ভাঙন ঠেকাতে দুর্গাবাটি থেকে পোড়াকাটলা এলাকার ৫০০ মিটারে ব্লক বসানো হয়েছে। বরাদ্দ না থাকায় বাকি এলাকায় কাজ করা যাচ্ছে না।শ্যামনগর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দীন জানান, দুর্গাবাটি ভাঙনকবলিত এলাকায় কাজ চলছে। দুর্গাবাটি ছাড়াও বিভিন্ন এলাকার প্রায় আড়াই হাজার মিটার বাঁধ জরুরিভিত্তিতে মেরামতের বিষয়টি একাধিকবার পাউবোর ঢাকা কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে না।