শ্যামনগরে ঝড়ে বেশ কিছু ঘর বিধ্বস্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত শুক্রবার কালবৈশাখীর আঘাতে বেশ কিছু ঘর ও গাছপালা ভেঙে গেছে। বিধ্বস্ত হয়েছে উপজেলার বুড়িগোয়ালিনী ডাকঘর।জানা গেছে, রাত আটটার দিকে ঝড় শুরু হয়। এতে বুড়িগোয়ালিনী ডাকঘরের ছাউনি উড়ে যায়। গাবুরা ইউনিয়নের ৩০ থেকে ৩৫টি ঘর বিধ্বস্ত হয়। বজ্রপাতে ইউনিয়নের গাবুরার চাঁদনিমুখা গ্রামের মাসুদুল গাজীর বসতঘর ও আসবাব পুড়ে যায়। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান। দিবাগত রাত দুইটার দিকে তাঁর জ্ঞান ফেরে।বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডাকঘরের পোস্টমাস্টার শাহাদাত হোসেন গাজী জানান, ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়ার পর বৃষ্টিতে ডাকঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে গেছে।উপজেলার মাজাট গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ঝড়ের কারণে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০ মিনিট স্থায়ী এ ঝড়ে বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে।গতকাল বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাফর রানা জানান, ঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখন পর্যন্ত নিরুপণ করা যায়নি।