শ্যামনগরে টর্নেডো একজনের মৃত্যু ফসল ক্ষতিগ্রস্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে গত সোমবার রাতে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি, খেতের ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘরের চালার নিচে চাপা পড়ে উপজেলার চিংড়িখালী গ্রামের সুনীল মিস্ত্রি (৫৫) মারা যান।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে মাঝারি ধরনের একটি টর্নেডো শ্যামনগর উপজেলা সদরের চিংড়িখালী এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, মথুরাপুরসহ কয়েকটি গ্রামে আঘাত হানে। এতে মথুরাপুর গ্রামের বাবু সরদার, প্রদীপ বরকন্দাজ, প্রফুল্ল বরকন্দাজ, সুধান্য বরকন্দাজ, কাদের সরদার, মোজাম গাজী, জগদীশ জোয়ার্দার, দেবেশ মণ্ডল, সফিরন বিবি এবং হরিনগর গ্রামের নুর মোহাম্মদ, এন্তাজ মোল্লা, তালেব গাজী ও আবুল শেখেরসহ শতাধিক ব্যক্তির বসতঘর ভেঙে পড়ে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া এসব পরিবারের লোকজনকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় শতাধিক একর বোরো, প্রচুরসংখ্যক আম ও কাঁঠালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছের ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ঘরের চাল চিংড়িখালী গ্রামের সুনীল মিস্ত্রির (৫৫) ওপর পড়ে। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, টর্নেডোতে এক ব্যক্তির মৃত্যু, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।