শ্যামনগরে তিন দিনব্যাপী শিক্ষা মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী শিক্ষা মেলা গতকাল বুধবার দুপুরে শেষ হয়েছে। শ্যামনগর জোবেদা-সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে সোমবার এই মেলা শুরু হয়।
ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক এম এ আলিম খান জানান, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমকে শহরের বাইরের জনপদেও পৌঁছে দিতে এবং প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীদের প্রতিযোগিতার ক্ষেত্রে আরও দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তিন দিনের এ মেলায় সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংগঠন ভাবের সার্বিক ব্যবস্থাপনায় এবারের মেলার মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে দৈনিক প্রথম আলো ও চ্যানেল আই।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় নির্ধারিত ১০টি বিদ্যালয়ে সাফল্য ও ফলাফলসহ বিভিন্ন তথ্যভান্ডার দিয়ে ১০টি স্টল দেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের এসব পিছিয়ে পড়া শিক্ষার্থী যাতে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এ জন্য মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত, একক অভিনয়, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ভরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জসিমউজ্জামান, জোবেদা-সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক রণজিৎ বর্মণ ও মিডিয়া পার্টনার প্রথম আলোর পক্ষে সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।