শ্যামনগরে তিন হাজার কাঁচাঘর বিধ্বস্ত
ঝড়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে তিন হাজার কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ১০ থেকে ১২টি গরু মারা গেছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে হঠাৎ ওই ঝড় শুরু হয়।গাবুরার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, মঙ্গলবার রাত আটটার দিকে বয়ে যাওয়া ঝড়ের আঘাতে ইউপির সোরা, চাঁদনীমুখা, চকবারা এলাকায় প্রায় ৫০০টি কাঁচাঘর সম্পূর্ণ এবং ৭০০টি কাঁচাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ থেকে ১২ মিনিট স্থায়ী ঝড়ের আঘাতে বাঁধের ওপর গড়ে ওঠা ১৫টি দোকানঘর পাশের খোলপেটুয়া নদীতে চলে যায়। এ সময় ঘর চাপা পড়ে আবদুল আজিজ মোল্লার দুটি গরুসহ ১০ থেকে ১২টি গরু ও ছাগল মারা যায়। পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কয়েক মিনিটের ঝড়ে পদ্মপুকুরের খুটিকাটা, নাগলাসহ আশপাশের কয়েকটি গ্রামের চার শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়। বুড়িগোয়ালিনী ইউপির সদস্য আবদুল ডালিম জানান, বুড়িগোয়ালিনী ইউপিতে ৪০০ থেকে ৫০০টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে মুন্সিগঞ্জ ইউপিতেও ৩০০ থেকে ৪০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে কৈখালি ও রমজাননগর ইউপিতে ঝড়ে হাজারের বেশি কাঁচাঘরের ক্ষতি হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দৌলতুজ্জামান খান জানান, মঙ্গলবার রাতের টর্নেডোর আঘাতে শ্যামনগরের ছয়টি ইউপির ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার কাঁচাঘর বিধ্বস্ত ও দই হাজার ২০০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।