শ্যামনগরে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী উদ্যাপন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী এলাকার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ এস এম জগলুল হায়দার। প্রধান শিক্ষক শশাঙ্ক কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আবু বক্কার সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ও আবু সালেহ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক প্রমুখ। এ উপলক্ষে একটি শোভাযাত্রা নওয়াবেঁকীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিসহ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিতি পর্ব হয়।
মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকেরা স্মৃতিচারণা অনুষ্ঠানে অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা এম এম শামছুল হক বলেন, সুবর্ণজয়ন্তী আর প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় উপস্থিত হতে পেরে মনে হচ্ছে স্বপ্ন সার্থক হয়েছে। শামছুল হকের মতো সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক, রফিকুল ইসলাম, লোকমান হোসেনসহ অন্যরাও স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবক তাহমীদ হোসেন আনছারী বলেন, কর্মসূত্রে বাইরে থাকায় ঠিকমতো এলাকার খোঁজ নেওয়া হয় না। সেখানে প্রিয় বিদ্যালয় চত্বরে ফিরতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
যশোর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান আবদুর রহমান, প্রকৌশলী সিরাজুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যরা বলেন, প্রিয় এ বিদ্যাপীঠ না গড়ে উঠলে হয়তোবা তাঁদের এই অবস্থানে পৌঁছানো অসম্ভব ছিল।
১৯৫৯ সালে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়। ১৯৬৬ সালে এ বিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াকে উপলক্ষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে।