শ্যামনগরে পানীয় জলের তীব্র সংকট
মিষ্টি পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ার পাশাপাশি অনাবৃষ্টি আর তীব্র লবণাক্ততার কারণে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সর্বত্র পানীয় জলের তীব্র সংকট চলছে। এক কলস পানির জন্য গাঁয়ের বউ-ঝিদের মাইলের পর মাইল হেঁটে পাড়ি দিতে হচ্ছে।শ্যামনগরের মেহেন্দীনগর গ্রামের গৃহবধূ মর্জিনা বেগম বলেন, ‘সকাল থেকে বাড়ির কাজ গুছিয়ে এখন গাজীবাড়ির পুকুরে যেতেছি পানি আনতি। আগে লাইনে দাঁড়াতে পাল্লি বিকালের আগে বাড়ি ফেরতে পারবোনে। আর ভিড় থাকলি সন্ধে হুয়ে যাবে।’মর্জিনার সঙ্গী হয়েছেন একই গ্রামের মুর্শিদা বেগম। দুপুরের খরতাপে পুড়তে থাকা কাঁচা রাস্তা ধরে দুই গৃহবধূ যাচ্ছেন প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কৈখালী গ্রামের গাজীবাড়ির পুকুরে। সেখানে পিএসএফ (পন্ডস অ্যান্ড স্যান্ড ফিল্টারিং) থেকে পানি সংগ্রহ করে আবার পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি ফিরতে হবে তাঁদের। সম্প্রতি উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামে পৌঁছে দেখা গেল, পাশের সরকারি দিঘি থেকে ১৫-১৬ জন একত্রে পানি সংগ্রহ করছেন। পুকুরের কর্দমাক্ত পানি কোন কাজে ব্যবহার করবেন—জানতে চাইলে সমস্বরে কয়েকজন বলেন, ‘কেন, খাব’! পানি নিতে আসা আব্দুর রশীদ জানালেন, আশপাশের পাঁচ-সাত গ্রামের মধ্যে সবগুলো পুকুর শুকিয়ে গেছে। তাই বাধ্য হয়ে কৈখালীর জাদা, সাপখালী, বৈশখালী, কেওড়াতলী ও জয়াখালীসহ রমজাননগরের হাসারচক, মানিকখালী, ভেটখালী ও সোরা গ্রামের মানুষ এই দিঘি থেকে পানি সংগ্রহ করে। ঘূর্ণিঝড় আইলার পর ২০১০ সালে একটি বেসরকারি সংস্থা এ পুকুরের পানি ব্যবহারের জন্য একটি পিএসএফ স্থাপন করে। এক বছর ধরে তা অকেজো। বাধ্য হয়েই পুকুরের কর্দমাক্ত পানি নিয়ে এক দিন বাড়িতে রেখে পান করতে হচ্ছে। সোরা গ্রামের আব্দুস সালাম জানান, তাঁর বাড়ির পাশের সরকারি দিঘিতে দেড়-দুই হাত পানি রয়েছে। ওই পানি কর্দমাক্ত। তাই ১০ কিলোমিটার দূরের যতীন্দ্রনগর থেকে সাইকেলে করে পানি আনেন। গ্রামের অনেকেই ড্রামপ্রতি পানি ৫০ টাকায় কেনেন। তিনি আরও জানান, কয়েক বছর ধরে এ এলাকার প্রধান সমস্যা খাবার পানি। ২০০৯ সালের আইলার পর এই দুর্ভোগ আরও বেড়েছে। আইলার পর জরুরি পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও গত বছর থেকে সেই কার্যক্রম বন্ধ আছে। শ্যামনগরের বিভিন্ন এলাকা ঘুরে প্রায় অভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পুকুরে পানি নেই। কোথাও আবার নলকূপ, কোথাও পিএসএফ বিকল হয়ে আছে। অনেক স্থানে পানিতে ব্যাপক লবণাক্ততা। শ্যামনগরজুড়ে পানির সংকট চলছে স্বীকার করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, গত বছর অনাবৃষ্টির কারণে ইতিমধ্যে অনেক পুকুর পানিশূন্য হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার অধিকাংশ স্থানে নলকূপ সফল না হওয়ায় অনেক গ্রামে পিএসএফের ওপর নির্ভর করতে হচ্ছে। উপজেলার গভীর ও অগভীর মিলিয়ে এক হাজার ৬০৬টি নলকূপের মধ্যে এক হাজার ২০০টি সচল আছে। ছোট-বড় মিলিয়ে ৬০০ পিএসএফের মধ্যে ৪১৮টি চালু রয়েছে। কিন্তু অনেকগুলো পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় কোথাও কোথাও পিএসএফ কাজ করছে না। পানির স্তর নেমে যাওয়ায় এই মুহূর্তে পানির জন্য মানুষের দুরবস্থা কিছুটা বেড়েছে। তবে পানি সংকট নিরসনে আরও ২৩টি পিএসএফ নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।