শ্যামনগরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাগবাটি গ্রামে একটি পূজামণ্ডপের পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এসব প্রতিমা ভাঙচুর করা হয়; তুলে ফেলা হয় মণ্ডপের সাইনবোর্ড।
নাগবাটি সর্বজনীন বাসন্তীমন্দির কমিটির সভাপতি বিমল কৃষ্ণ মণ্ডল জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এখানে পূজা-আর্চনা করছেন। কখনো বাধার সম্মুখীন হননি। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাসন্তীপূজা উপলক্ষে ওই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার রাতে কে বা কারা মণ্ডবের বাঁশের বেড়া সরিয়ে চারটি প্রতিমা কাছের একটি খেতে ফেলে দেয় এবং মণ্ডবের ভেতর থাকা বাসন্তীপ্রতিমা ভেঙে ফেলে। এ ছাড়া সাইনবোর্ড খুলে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে দেয়। গতকাল শনিবার সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে জানানো হয়।
বিমল কৃষ্ণ আরও জানান, পূজামণ্ডপের জমি নিয়ে স্থানীয় সুন্নত আলী গাজী ও আবুল কালাম গাজীর সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে মন্দির কমিটির দখলে থাকা দুই একর ১২ শতক জমি গত ফেব্রুয়ারিতে এ দুজন ইজারা নেন। এর পর থেকেই জমিটি দখল করে নেওয়ার চেষ্টা চলছিল। এ ব্যাপারে কমিটির সদস্যদের হুমকি-ধমকিও দেওয়া হয়।
তবে সুন্নত আলী গাজী বলেন, ‘মন্দির কমিটির সঙ্গে বিরোধ থাকার বিষয়টি সঠিক হলেও এর সঙ্গে প্রতিমা ভাঙচুরের সম্পর্ক নেই। ফাঁসাতেই আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা বলেন, বিমল কৃষ্ণ মণ্ডল এ ঘটনায় সুন্নত আলী গাজী ও আবুল কালাম গাজীর নাম উল্লেখ করে ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।