শ্যামনগরে প্রেমিকের বাড়ির সামনে ছাত্রীর আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকের বাড়ির সামনে বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যা করেছে দশম শ্রেণীর ছাত্রী রিপুনা পারভীন (১৫)। গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরানপুর এ রউফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রিপুনা পারভীন পরানপুর গ্রামের মোর্শেদ কারিগরের মেয়ে।নিহত রিপুনার পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর ধরে রিপুনার সঙ্গে তার মামাতো ভাই রাশেদুল ইসলামের (২২) প্রেম চলছিল। সম্প্রতি রাশেদুলকে অন্যত্র বিয়ে দিতে তৎপর হয় তাঁর পরিবার।পরানপুর গ্রামের কাওছার আলী ও আনছার গাজীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাশেদুলের বিয়ের প্রস্তুতির কথা জানতে পেরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রিপুনা তাঁর মামা ও রাশেদুলের বাবা নুরুল ইসলাম গাইনের বাড়িতে যায়। এ সময় রিপুনা তাদের প্রেমের সম্পর্কের কথা জানিয়ে রাশেদুলকে অন্যত্র বিয়ে দিতে বারণ করে, নয়তো আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। প্রেমের সম্পর্কের প্রমাণ হিসেবে তার হাতে থাকা মুঠোফোনটি রাশেদুলের দেওয়া বলে দাবি করে।গ্রামবাসী জানায়, ওই সময় রাশেদুলের বড় ভাই হারুন-অর রশিদ রিপুনার হাত থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে তাকে চড় মেরে বাড়ি থেকে বের করে দেন। সকাল আটটার দিকে রিপুনা রাশেদুলের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে বিষাক্ত পদার্থ পান করে। এ সময় রিপুনার বড় মামা আবদুল গফ্ফার গাইন তাকে ধরে নিজ বাড়িতে নিয়ে যান। কিন্তু তাঁরা চিকিৎসার উদ্যোগ না নেওয়ায় সকাল সাড়ে আটটার দিকে রিপুনার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের কবরস্থানে রিপুনার লাশ দাফন করা হয়।গতকাল শুক্রবার রাশেদুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বড় ভাই হারুন-অর রশিদ রিপুনাকে মারধর করেননি বলে জানান। তিনি দাবি করেন, রিপুনা বাড়ি থেকেই বিষপান করে তাঁদের বাড়িতে আসে। একপর্যায়ে তাঁর বড় চাচা আবদুল গফ্ফারের (পাশের বাড়ি) বাড়িতে রিপুনার মৃত্যু হয়।যোগাযোগ করলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর বলেন, রিপুনার মা সুফিয়া বেগম অপমৃত্যুর মামলা করেছেন। আত্মহত্যার প্ররোচনার বিষয়ে কোনো অভিযোগ করেননি। তাঁরা দরিদ্র উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করলে সবকিছু বিবেচনা করে তা মঞ্জুর করা হয়।