শ্যামনগরে বজ্রপাতে চারজনের মৃত্যু, আহত ৬
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল বুধবার ভোরে বজ্রপাতে দুজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ছয়জন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানিপুর গ্রামের চিংড়িঘেরের মালিক আবদুল হামিদ (৪৫), একই উপজেলার পাতড়াখোলা গ্রামের গৃহবধূ সাজিদা বেগম (২৫), কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের জিয়াদ আলী গাজী (৬৫) ও গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের নূর নাহার (৪২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ছয়টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় চিংড়িঘেরে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে আবদুল হামিদ ও বাড়িতে কাজ করার সময় সাজিদা বেগমের মৃত্যু হয়। একই সময়ে বজ্রপাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর দাঁড়িয়ে থাকা জিয়াদ আলীর ও ঘরের বারান্দায় শুয়ে থাকা নূর নাহারের মৃত্যু হয়।
বজ্রপাতে আহত হয় নূর নাহারের মেয়ে মনোয়ারা খাতুন (১৪), ছেলে সোলায়মান হোসেন (১২) ও বোন পাখি খাতুন (২৬)। এ ছাড়া একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ইকবাল হোসেন (২৫), স্ত্রী জাহেদা খাতুন (১৯) ও রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল দাস (৩৫) আহত হন।