শ্যামনগরে বাঁধে ধস, পাঁচটি বাড়ি বিলীন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার নেবুবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ৫০০ ফুট অংশ ধসে গেছে। গতকাল সোমবার ভোরে এই বাঁধ ভেঙে পাঁচটি বাড়ি নদীতে বিলীন হয়ে যায়।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, গতকাল সকাল সাতটা থেকে স্থানীয় দুই শতাধিক লোক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধের ধস ঠেকানো ও বাঁধ মেরামতের জন্য কাজ করছেন। রিং বাঁধ না দেওয়া পর্যন্ত ঝুঁকি কমবে না। ধস রোধ করা না গেলে পুরো ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হতে পারে এবং পাঁচ শতাধিক চিংড়িঘের মাছ ভেসে যেতে পারে।
গতকাল সকাল ১০টার দিকে দেখা গিয়ে যায়, গ্রামবাসী বাঁধ মেরামতের চেষ্টা করছেন। বাঁধের পাশের আনোয়ার হোসেন গাজী, রাশেদ গাজী, আজিজুল ইসলাম গাজী, শামছুল গাজী ও আবদুর রহিম গাজীর বাড়ি ভেঙে বিলীন হয়ে গেছে। পাউবো বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) বিশ্বজিৎ বৈদ্য বলেন, ধস রোধে চেষ্টা চলছে।