শ্যামনগরে বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে ভাঙনকবলিত বেড়িবাঁধের ওপর স্থানীয় একতা যুব সংঘ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে একতা যুব সংঘের সভাপতি উত্তর কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আতাউর রহমানসহ কয়েকজন।
বক্তারা বলেন, আইলাদুর্গত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের কামালকাটি, ঝাপা, পাতাখালী, বন্যতলা গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকায় বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হলে পদ্মপুকুর ইউনিয়নের সাত হাজার পরিবার পানিতে ডুবে যাবে। অকেজো হয়ে পড়বে কোটি কোটি টাকার সরকারি অবকাঠামো।
বক্তারা জানান, এখন বেড়িবাঁধ সংস্কার করা হলে ২০-৩০ লাখ টাকা খরচ হবে। কিন্তু ভেঙে প্লাবিত হলে বাঁধ সংস্কার করতে কয়েক কোটি টাকা খরচ করতে হবে।