শ্যামনগরে ব্যবসায়ীকে অপহরণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুরবাজার থেকে বাড়ি ফেরার পথে গত শুক্রবার রাতে চিংড়ি ব্যবসায়ী আবদুল্লাহ আল বারীকে (৪৫) অজ্ঞাত লোকেরা অপহরণ করেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় অপহূত ব্যক্তির স্ত্রী খাদিজাতুল কোবরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আবদুল্লাহ আল বারী শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের সামছুল হক গাইনের ছেলে। তিনি ডায়াবেটিস রোগী এবং গত কয়েক মাসে দুই দফা হূদেরাগে আক্রান্ত হন বলে জানান তাঁর স্ত্রী। খাদিজাতুল কোবরা জানান, তাঁর স্বামী প্রতিদিন বিকেলে হাঁটতে বের হন এবং মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরেন। শুক্রবার এশার নামাজ শেষে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়। এ সময় আত্মীয়স্বজনের পাশাপাশি পরিচিত ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী বাদঘাটা গ্রামের প্রভাষ চন্দ্র মণ্ডল জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আবদুল্লাহ আল বারী বাজার থেকে বাসায় ফেরার পথে শ্যামনগর উপজেলা পশুসম্পদ অধিদপ্তরের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস এসে তাঁর পাশে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে মাইক্রোবাস থেকে চারজন অপরিচিত ব্যক্তি দ্রুত রাস্তায় নেমে জোরপূর্বক বাকীকে গাড়িতে তুলে নিয়ে প্রধান সড়কের দিকে চলে যায়। খাদিজাতুল কোবরা অভিযোগ করে জানান, সুন্দরবনের কুখ্যাত দস্যু কালু বাহিনীর প্রধানসহ তার কয়েকজন সহযোগীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর থেকে তিনি (বাকী) কয়েক বছর নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলি জানান, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আবদুল্লাহ আল বারী বিভিন্ন সময় চোরাচালান কিংবা সুন্দরবনের দস্যুদের বিভিন্ন গোপন সংবাদ আইন প্রয়োগকারী সংস্থাকে সরবরাহ করে অনেকের বিরাগভাজন ছিলেন বলে তিনি জানতে পেরেছেন।