শ্যামনগরে ভূমিহীন পল্লিতে হামলা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোলা এলাকায় দুর্বৃত্তরা ভূমিহীন পল্লিতে হামলা চালিয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলা এলাকায় খাসজমি বন্দোবস্ত নিয়ে শতাধিক ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করতে কাশিমাড়ী গ্রামের মইদুল গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন বোমা, রামদা, লাঠি, ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ভূমিহীন পল্লির ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও বোমা হামলা চালানো হয়। রাত সাড়ে তিনটার দিকে পল্লির বাসিন্দারা ঘোলা গ্রামের মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর, গোলাম মোস্তফা, ফরজ আলী, আবুল কাশেম গাজীকে আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। রাতেই শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মইদুল গাজীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমুর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।