শ্যামনগরে মালঞ্চ নদের ৩৫ মিটার রিংবাঁধ বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর বাজারের পাশে সুন্দরবন-সংলগ্ন মালঞ্চ নদের ৩৫ মিটার রিংবাঁধ হঠাৎ ধসে পড়েছে। এ সময় তিনটি পরিবারের ঘর নদীতে বিলীন হয়ে যায়। গত শনিবার ওই বাঁধ ধসে যায়।
উপজেলার হরিনগর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গৌতম কুমার কর্মকার ও ব্যবসায়ী মোস্তাফা শেখ জানান, শনিবার রাতে মালঞ্চ নদের পাশের রিংবাঁধে ফাটল দেখা দেয়। রাত নয়টার দিকে হঠাৎ বাঁধের ৩৫ মিটার ধসে নদীতে চলে যায়। এ সময় খলিল গাজী, আছিয়া খাতুন ও ছালমা খাতুনের ঘর ভেঙে পড়ে। রিংবাঁধের আরও এলাকা ধসে পড়তে পারে—এ আশঙ্কায় গতকাল সকালে স্থানীয় সোলেয়মান গাজী, রশিদ গাজীসহ ছয়জনের ঘর ভেঙে নেওয়া হয়। তাঁরা আরও জানান, বেসরকারি সংস্থা কারিতাসের সহযোগিতায় ওই এলাকায় গতকাল সকালে কিছু বাঁশ ও বল্লি পোঁতা হয়েছে, যাতে আরও বেশি ভেঙে না পড়ে।
পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের শাখা কর্মকর্তা (এসও) নিখিল কুমার দত্ত জানান, কয়েক বছর আগে নদীভাঙন শুরু হলে স্থানীয় লোকেরা ওই রিংবাঁধ নির্মাণ করেন। আজ সোমবার সকাল থেকে সেখানে মাটি ফেলার কাজ শুরু হবে।