শ্যামনগরে মৎস্যঘের ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
সাতক্ষীরা শ্যামনগরে মৎস্যঘের ব্যবসায়ী ছাত্তার জোয়াদ্দারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে মৎস্যঘেরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আজ সোমবার সকাল সাতটার দিকে তিনি মারা যান।
নিহত ছাত্তার মোড়ল (৬০) শ্যামনগর উপজেলার পার্শ্বেমারি গ্রামের আবদুল আবদুল ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে।
নিহত ব্যক্তির ছোট ভাই রবিউল জোয়াদ্দার জানান, তাঁর ভাই ছাত্তার জোয়াদ্দারের পার্শ্বেমারি বিলে একটি মৎস্যঘের আছে। প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি থেকে রাতের খাওয়া শেষে মৎস্যঘেরে ঘুমিয়ে ছিলেন। এ সময় গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এরপর পার্শ্ববর্তী লোকজন মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তিনি মারা যান।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেদোয়ান রাইসুল ইসলাম জানান, নিহত ব্যক্তির হাত-পা ভাঙা ছিল। তাঁর শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউর রহমান জানান, ছাত্তার জোয়াদ্দারের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।