শ্যামনগরে যমুনা নদী দখলের পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামনগর উপজেলা সদরের মধ্য দিয়ে প্রবাহিত মরা যমুনা নদীর কিছু জায়গা মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সরু খালে পরিণত হওয়া ওই নদীর জায়গা দখলের পাঁয়তারা হিসেবে এভাবে মাটি ফেলা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শ্যামনগর সদরের নকিপুর বাজারের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীতে মাটি ফেলা হচ্ছে। নকিপুর গ্রামের দলিল লেখক আনোয়ার হোসেনের ছেলে মো. খায়রুজ্জামান নদীর পাশেই একটি পাঁচতলা মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন। ভবনটি তৈরির জন্য খোঁড়া মাটি পাশের যুমনা নদীতে ফেলা হচ্ছে। এতে নদীটি আরও সরু হয়ে পড়ছে। মাটি ফেলে নদীর প্রায় এক হাজার ৬০০ বর্গফুট জায়গা ইতিমধ্যে ভরাট করে ফেলা হয়েছে।স্থানীয় ব্যবসায়ী কার্তিক মণ্ডল জানান, মাসখানেক ধরে খায়রুজ্জামান তাঁর বিশাল ভবন নির্মাণের জন্য খোঁড়া মাটির সবই যমুনা নদীতে ফেলছেন। নদীর কিছু অংশ এ মাটিতে ভরাট হয়ে গেছে। ওই এলাকার শেখ ইমাম হোসেন, সুভাষ রায়, দেবাশীষ মিস্ত্রিসহ কয়েকজনের অভিযোগ, এভাবে নদী দখলের পাঁয়তারা চললেও প্রশাসনের এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই।বাদঘাটা গ্রামের কার্তিক মণ্ডল ও আশরাফ হোসেন অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের পাশে জায়গা দখলের জন্য পরিকল্পিতভাবে মাটি ফেলে নদীটি ভরাট করা হচ্ছে। মো. খায়রুজ্জামান জানান, স্থানীয় ব্যক্তিদের অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ভূমি কার্যালয়ের নির্ধারণ করে দেওয়া জায়গার মধ্যে ভবন নির্মাণ করা হচ্ছে। তবে যমুনা নদীতে মাটি ফেলার কথা স্বীকার করে তিনি বলেন, পরে ওই মাটি তুলে নেওয়া হবে।শ্যামনগর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কানুনগো সিরাজুল ইসলাম জানান, সংশ্লিষ্ট এলাকার ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে ভবনের মালিককে নদীতে মাটি না ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে। আর আগে নদীতে যে মাটি ফেলা হয়েছে, তাও সরিয়ে নিতে বলা হয়েছে।