শ্যামনগরে সেতু ধসে আহত ৫
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের বেলেখালী খালের ওপর নির্মিত সেতু ধসে গতকাল বৃহস্পতিবার পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম মোল্যা (৫৪), মনিরুল ইসলাম (৩৬), শহিদুল ইসলাম (২৫), মাহমুদ আলী (৩৮) ও মোন্তেজ গাজী (৪০)। তাঁরা পূর্ব গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। নজরুল ইসলামকে জেলা সদর এবং বাকি চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা বলেন, বেলেখালী খালের ওপর ৪০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের সেতুটি ৩০-৩৫ বছর আগে নির্মাণ করা হয়। কয়েক বছর আগে সেতুটি জরাজীর্ণ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ২০১৪ সালের শেষের দিকে সেতুটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩২ লাখ টাকায় সেতুটি নির্মাণের জন্য চলতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয়। শিগগিরই সেতুর কাজ শুরু হওয়ার কথা। নতুন সেতু নির্মাণ হবে ভেবে একটি মহল সেতুটি কয়েক দিন ধরে ভেঙে নিয়ে যাচ্ছিল। একপর্যায়ে গতকাল সেতুটি ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শী নুরুল আমিন, আশিকুর রহমান ও মাসুম বিল্লাহ বলেন, গতকাল সকাল থেকে ১৫-২০ জন শ্রমিক সেতুটির নিচের অংশের ইট সরাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেতুটি বিকট শব্দে ধসে পড়ে। এ সময় সেতুর নিচে আটকে পড়া শ্রমিকদের পাশাপাশি আশপাশে উপস্থিত গ্রামবাসীর চিৎকারে কয়েক শ মানুষ জড়ো হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় যুক্ত হন। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ধসে পড়া সেতুর নিচ থেকে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক সুজিত রায় মারাত্মক আহত নজরুল ইসলামের পা বিচ্ছিন্ন করার শঙ্কার কথা জানিয়ে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
আহত মনিরুল ইসলাম ও শহিদুল ইসলাম বলেন, সেতুটি পরিত্যক্ত হয়ে পড়ায় তাঁরাসহ এলাকার লোকজন ইট ভেঙে নিয়ে যাচ্ছিলেন।
শ্যামনগর থানার ইউএনও আবু সায়েদ মো. মঞ্জুরুল আলম বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।