শ্যামনগরে স্ত্রীকে পিটিয়ে হত্যা!
দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনার প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রেহেনা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের রফিকুল ইসলাম গাজীর স্ত্রী। পুলিশ অভিযুক্ত রফিকুলকে গতকালই আটক করেছে।প্রতিবেশী ফেরদৌসী সরদার ও সফিকুল ইসলাম মোড়ল জানান, রেহেনার আপত্তি সত্ত্বেও রফিকুল ইসলাম সাত-আট মাস আগে পারশেমারি গ্রামের বেলায়েত হোসেন গাজীর মেয়ে ফিরোজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু ফিরোজা বাবার বাড়ি থাকতেন। দ্বিতীয় বিয়ের পর নানা অজুহাতে রফিকুল প্রায়ই তাঁর প্রথম স্ত্রীকে মারধর করতেন। গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় স্ত্রীকে বাবার বাড়ি থেকে রফিকুল তাঁর নিজের বাড়িতে নিয়ে আসেন। গতকাল ভোরে সেহিরর পর দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে রফিকুলের সঙ্গে রেহেনার কথাকাটাকাটি হয়। এর জের ধরে রফিকুল লাঠি দিয়ে রেহেনাকে পেটান। একপর্যায়ে রেহেনা মারা যান। এর পরপরই রফিকুল ও ফিরোজা পালিয়ে যান।নিহত রেহেনার চাচা আবুল বাশার অভিযোগ করেন, তাঁর ভাইঝিকে পিটিয়ে হত্যা করেছেন রফিকুল। রেহেনার পিঠে, মুখে ও গলায় একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাঁরা হত্যা মামলা করবেন। শ্যামনগর থানার ওসি আবদুল হাই সরকার জানান, অভিযুক্ত রফিকুল ইসলামকে গতকাল বিকেলে আটক করা হয়েছে।