শ্যামনগরে হরিণ শিকারির কারাদণ্ড বন্দুক ও গুলি জব্দ
হরিণ শিকারের দায়ে আবুল কাসেম সরদার নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ গত মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে ওই সাজার আদেশ দেন৷
এদিকে গতকাল বৃহস্পতিবার তাঁর বন্দুক, বন্দুকের নিবন্ধনপত্র ও গুলি জব্দ করেছে শ্যামনগর থানার পুলিশ৷ আবুল কাসেমের বাড়ি শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে৷
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিঞা বলেন, আবুল কাসেম তাঁর নিবন্ধন করা বন্দুক দিয়ে দীর্ঘদিন থেকে হরিণ শিকার করে আসছেন বলে অভিযোগ ছিল৷ গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবুল কাসেমের বাড়িতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাঁকে গ্রেপ্তার করেন বুড়িগোয়ালিনী েনৗ-পুলিশ ফাঁড়ির সদস্যরা৷
মঙ্গলবার আবুল কাসেমকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়৷ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও তবিবুর রহমান তাঁকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন৷ এরপর গতকাল শ্যামনগর থানার পুলিশ তাঁর বন্দুক, বন্দুকের নিবন্ধনপত্র ও সাতটি গুলি জব্দ করে৷ গতকালই আবুল কাসেমের ওই বন্দুকের নিবন্ধন বাতিল করার জন্য সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয়েছে৷