শ্যামনগরে ১২৭ জনের বিরুদ্ধে পাউবোর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের উপকূল রক্ষা বাঁধ কাটার অভিযোগে ১২৭ জন চিংড়িঘের মালিক ও চাষির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গত শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান বাদী হয়ে শ্যামনগর থানায় এ মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ২৫ মে প্রলয়ংকরী আইলার আঘাতে গাবুরা ইউনিয়নের ৩২ কিলোমিটার বাঁধের ২৭ দশমিক ৩৩ কিলোমিটার বিধ্বস্ত হয়। পরে ওই বাঁধ সংস্কার করা হয়। পাউবোর পক্ষ থেকে ওই ইউনিয়নে সব ধরনের পাকা বক্সকল ও পাইপকলের অনুমোদন গত বছরের ৩১ মার্চ বাতিল করা হয়। পাউবোর পক্ষ থেকে গত বছর ওই রক্ষা বাঁধ না কাটার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এসব নির্দেশের তোয়াক্কা না করে গাবুরার একদল প্রভাবশালী চিংড়িঘের মালিক ও চাষি কয়েক মাস ধরে বেড়িবাঁধের বিভিন্ন স্থান কেটে পাকা বক্সকল ও পাইপকল বসিয়ে লোকালয়ে অবাধে লোনা পানি ঢোকান। সরকারি সম্পদ ও জনস্বার্থের ক্ষতির অভিযোগে ১২৭ জনের নাম উল্লেখ করে ওই মামলা দায়ের করা হয়। ওই মামলার একাধিক আসামি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের এক নেতার চাপের মুখে উদ্দেশ্যমূলকভাবে পাউবো এ মামলা করেছে।জেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, পাকা স্লুইসগেট তৈরি করে নিয়মতান্ত্রিকভাবে নদী থেকে পানি তোলার বিধান রয়েছে। কিন্তু হাইকোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা দিয়ে চিংড়িচাষিদের হয়রানি করা হচ্ছে। পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, এক বছর আগে এলাকার চিংড়িঘের মালিক ও চাষিদের বাঁধ কেটে কিংবা ছিদ্র করে পানি না তোলার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু তাঁরা তা না শুনে নতুন বাঁধ ছিদ্র করে পাইপ দিয়ে পানি তুলছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালালউদ্দীন আহমেদ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।