শ্যামনগরে 'বন্দুকযুদ্ধে' রাঙ্গা বাহিনীর প্রধান নিহত
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান আশরাফ হোসেন ওরফে রাঙ্গা (৪৮) নিহত হয়েছেন। গত শনিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন পাখিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্য সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এ নিয়ে অন্তত ৩৫ জন নিহত হলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, নিহত আশরাফের বিরুদ্ধে শ্যামনগর, তালা, সাতক্ষীরা সদর, খুলনা ও কয়রা থানায় একটি ব্যাংক ডাকাতি, ১০টি অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। কয়রা থানায় একটি অবৈধ অস্ত্র উদ্ধারসংক্রান্ত মামলায় তিনি ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে আশরাফসহ তাঁর দলের ১২-১৪ জন সদস্যসহ সুন্দরবনসংলগ্ন পাখিমারা গ্রামে অবস্থান করছিলেন। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকার উদ্দেশে রওনা হয়। রাত চারটার দিকে খোলপেটুয়া নদীর পাখিমারা এলাকায় পৌঁছার পর বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আশরাফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।