শ্যামনগরের আ.লীগ নেতা শফিউলকে বহিষ্কারের সিদ্ধান্ত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ওরফে লেনিনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুজ্জামান জানান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও শ্যামনগর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শাহাদাৎ হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শফিউল আযমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে গত ২৬ নভেম্বর একটি লিখিত আবেদন করেন। মঙ্গলবারের সভায় উপস্থিত অধিকাংশ সদস্য তাঁকে বহিষ্কারের পক্ষে মত দেন। এর পরিপ্রেক্ষিতে পরের দিন বুধবার সিদ্ধান্তটি জেলা কমিটিতে অনুমোদনের জন্য পাঠানো হয়।সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিকভাবে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন শফিউল আযম। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষকতাকারী বিতর্কিত নেতৃত্ব দলকে ধ্বংস করতে এ সিদ্ধান্ত নিয়েছে।