শ্যামনগরের পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফনের কাপড় পাঠিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা প্রেসক্লাবে একটি খামের ভেতরে ওই চিঠি ও কাফনের কাপড় পাওয়া যায়। সুন্দরবনের জলদস্যু জয়নাল ওরফে বড়ভাই বাহিনীর নামে এসব পাঠানো হয়।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে সিরাজ প্রথম আলোকে বলেন, তিনি গতকাল সকাল সাড়ে নয়টার দিকে প্রেসক্লাবের দরজা খুলে মেঝেতে একটি খাম দেখতে পান। খামের ওপর লেখা ছিল শ্যামনগর প্রেসক্লাব। খামটির ভেতরে একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠির সঙ্গে এক টুকরো কাফনের কাপড় আঠা দিয়ে লাগানো ছিল। চিঠিতে উল্লেখ করা হয়, ‘প্রিয় সাংবাদিক শ্যামনগর প্রেসকিলাব, তোমরা পেপারে আমাদের নামে অনেক মিথ্যা কথা লিখেছো। সাংবাদিক আকবর, সিরাজ, মনির, আনিছ ও মোস্তফা সকলের কাফনের কাপড় চিঠির সাথে পাঠালাম। তোরা আমাদের অনেক ক্ষতি করেছিস। ইতি—জয়নাল (বড়ভাই বাহিনী)।’শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, ধারণা করা হচ্ছে, রোববার রাতে প্রেসক্লাব বন্ধের পর কে বা কারা দরজার ফাঁক দিয়ে ওই চিঠি ফেলে গেছে। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।