শুষ্ক মৌসুম শুরু হতে না হতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি সংগ্রহ করতে গ্রামের বাসিন্দাদের দূরে অন্য গ্রামে যেতে হচ্ছে। উপজেলার অধিকাংশ গভীর, অগভীর নলকূপ, টিউবওয়েল নষ্ট থাকায় ও অনাবৃষ্টির কারণে বছরের শুরু থেকেই এই সংকট দেখা দিয়েছে।
শ্যামনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, উপেজেলায় ১ হাজার ৪১৩টি গভীর, ৩৪৪টি অগভীর, ৪৭১টি এসএসটি ও ৩৫৭টি ভিএসএসটি নলকূপ রয়েছে। এর মধ্যে আটটি গভীর, ১০২টি অগভীর, ১৫টি এসএসটি ও ৪৪টি ভিএসএসটি নলকূপ দুই বছর ধরে অকেজো পড়ে আছে।
উপকূলীয় জনপদের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, চারদিকে পানি অথচ ব্যবহার ও খাওয়ার পানি সংগ্রহের জন্য বিভিন্ন গ্রামের মানুষদের চার থেকে ছয় কিলোমিটার দূরে যেতে হচ্ছে। ইতিমধ্যে সরকারি ব্যবস্থাপনায় খননকৃত শতাধিক পুকুর শুকিয়ে গেছে। পাশাপাশি অধিকাংশ স্থানের নলকূপে লবণাক্ততা বেড়ে যাওয়ায় খাওয়ার পানির জন্য শুরু হয়েছে হাহাকার।
উপজেলার ফুলতলা গ্রামের গৌরপদ মণ্ডলের পুকুর থেকে কর্দমাক্ত পানি সংগ্রহ করতে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে এসেছেন বৃদ্ধা পারুল রানী। তিনি বলেন, ‘সামনের বর্ষা সময় পর্যন্ত এভাবেই পানি টেনে আমাগো তেষ্টা মেটাতে হবে।’
উপজেলার কালিঞ্চি গ্রামের সীতা রানী, কলবাড়ি গ্রামের আমু দাসী, পানখালীর আমেনা বেগম কিংবা আটুলিয়ার স্কুলছাত্রী হাবিবা সুলতানাসহ অনেকে বললেন একই কথা। ভেটখালী গ্রামের মারুফা খাতুন জানায়,
সে প্রতিদিন স্কুল থেকে বাড়িতে ফিরে প্রায় চার কিলোমিটার দূরে শেখ বাড়ি পুকুরে পানি আনতে যায়। দিনে দুবার পানির জন্য আসার কারণে তার লেখাপড়ায় সমস্যা হয়।
রমজাননগর এলাকার শেখ বাড়ির পুকুর থেকে মুন্সিগঞ্জ, কৈখালী ও রমজাননগর ইউনিয়নের মানুষ পানি সংগ্রহ করে উল্লেখ করে ভেটখালীর মাজিদা বেগম, হেতালখালীর অমর মণ্ডলসহ কয়েকজন জানান, পানির সমস্যা দূর করতে রমজাননগর এলাকার একটি এনজিও এক বছর আগে পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করে। এখান থেকে কৈখালী ও ভেটখালীতে পানি সরবরাহ হতো। আশপাশের কয়েকটি গ্রামের মানুষও পানি পেত। কিন্তু বছর না ঘুরতেই পাইপ ফেটে গেলে তা সংস্কারে আর উদ্যোগই নেয়নি কেউ। ফলে বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে এসে পানি সংগ্রহ করতে হচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, গোটা এলাকায় সরকারিভাবে নতুন নলকূপ স্থাপনের কাজ বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুই বছর ধরে চাহিদা পাঠানোর পরও বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের আওতায় এমডিজি প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। নিরাপদ পানি সরবরাহ করার জন্য এলাকা চিহ্নিত করতে এর মধ্যেই জরিপ শুরু হয়েছে।