শ্যামনগরের মানুষ এখনো সীমাহীন দুর্ভোগে
আইলায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরা জেলার সব কয়টি উপজেলাই। শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রায় ছয় লাখ মানুষ গৃহহীন হয়। প্রাণ হারায় ৬০ জন। আইলার পর এক বছর হয়ে গেলেও অনেক মানুষ এখনো ঘরে ফিরতে পারেনি। বাস করছে বেড়িবাঁধের ওপর। চালু হয়নি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এখনো খাবার পানির তীব্র সংকট। নেই কাজের সুযোগ।বেড়িবাঁধের অবস্থা: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো ) সূত্রে জানা গেছে, বিভাগ-১ ও বিভাগ-২-এর ৬৮০ কিলোমিটার বাঁধের মধ্যে আইলায় ৩৫ কিলোমিটার সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ২৫৬ কিলোমিটার। স্লুইস গেইট ও কালভার্ট নষ্ট হয়েছে ৬০টি। আইলার পরও দুর্বল বাঁধগুলো ক্রমশ আরও দুর্বল হয়ে শতাধিক জায়গায় ভেঙে গেছে। আইলায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ বাঁধ এখনো মেরামত করা সম্ভব হয়নি। গাবুরা ইউপির চকবারা গ্রামের ফারুক হাসান, আবদুল হাই, আবুল কাসেমসহ অনেকে জানান, গ্রামের খোলপেটুয়া নদী তীরবর্তী বাঁধ ভেঙেছে আইলার সময়। লোকালয়ে পানি ঢোকা বন্ধের নামে ভাঙনকবলিত এলাকা ছেড়ে তিন কিলোমিটার দূরে রিং বাঁধ দেওয়া হয়েছে। এ বাঁধের বাইরের যে অংশ আইলায় বিধ্বস্ত হয়নি এখন তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। অন্য কিছু এলাকায়ও একই অবস্থা সৃষ্টি হয়েছে।এখনো বাঁধে বসবাস, এলাকা ত্যাগ: রোববার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গিয়ে দেখা যায়, নৌকায় করে মধ্যম খোলেশাবুনিয়া গ্রামের আদেম আলী তাঁর পরিবার নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র। তিনি জানান, এলাকায় কাজ নেই। কোনো দিন খাবার জুটছে আবার কোনো দিন জুটছে না। বাড়িতে জোয়ার-ভাটা খেলছে।আইলায় পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ৭৫ হাজার মানুষ ঘরবাড়ি-সহায় হারিয়ে সর্বস্বান্ত হয়। ঘরে ফিরতে না পেরে অধিকাংশ মানুষ এখনো পাউবোর বেড়িবাঁধের ওপর কোনোমতে চালা বেঁধে আছেন। না হলে চলে গেছেন কাজের সন্ধানে অন্য কোথাও। বাঁধে আশ্রয় নেওয়া পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের প্রভাষ মন্ডল জানান, আইলায় গৃহহীন হওয়ার আগে তিনি ছিলেন স্বচ্ছল। ৯০ বিঘার চিংড়ি ঘের ছিল। তিনি এখন নিঃস্ব। একই অবস্থা গাবুরার চকবারা, খলিশাবুনিয়া, মধ্যম খলিশাবুনিয়া, ডুমুরিয়া, গাবুরা, সোরা, ৯ নং সোরা, চাঁদনিমুখোসহ ১৫টি গ্রামের মানুষের।পানীয় জলের চরম অভাব: শ্যামনগরে ক্ষতিগ্রস্ত মিঠা পানির পুকুর ও জলাধার কিংবা রেইন হারভেস্টিং (বৃষ্টির পানি সংরক্ষণ) প্ল্যান্টসহ অসংখ্য গভীর ও অগভীর নলকূপ এখনো ব্যবহারের উপযোগী করা সম্ভব হয়নি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, আইলায় উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাবুরা ইউনিয়নের চারটি, পদ্মপুকুর ইউনিয়নের ১৩টি ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪৯টি পিএসএফ (পন্ড, স্যান্ড অ্যান্ড ফিল্টার) এখনো বন্ধ হয়ে আছে। অসংখ্য গভীর নলকূপ অকেজো। হাজার হাজার মানুষকে পিএসএফের অর্থায়নে জনস্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহ করা পানির ওপর নির্ভর করে দিন কাটাতে হচ্ছে। এই পানির জন্য দিনে দুই বার দূরদূরান্ত থেকে এসে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি নেয়, যার পরিমাণ যথেষ্ট নয়। এখনো চালু হয়নি বিদ্যালয়: শ্যামনগর উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১১৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আইলায় ক্ষতিগ্রস্ত হয়। অধিকাংশ ছাত্রছাত্রী বাড়িতে যেতে না পারায় ও বই খাতা না থাকায় বিদ্যালয়ে যায় না। অনেকে কাজ করে বাবা-মাকে সহযোগিতা করছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের চারটি বিদ্যালয় চালু করা হয়েছে। তবে অর্থ বরাদ্দ না পাওয়ায় ভবন মেরামত করা যাচ্ছে না। পাউবোর সাতক্ষীরা-১-এর নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান জানান, গাবুরায় সাড়ে ১১ কিলোমিটার রিং বাঁধ নির্মাণ করা হয়েছে। মেরামত কাজ করা হয়েছে সাত কিলোমিটার। দুটি ক্লোজার নির্মাণ করে নদীর পানি লোকালয়ে ঢোকা বন্ধ করা হয়েছে দুই সপ্তাহ আগে। আরও কয়েক কিলোমিটার বাঁধের মেরামত কাজ চলছে। সাতক্ষীরা-২-এর নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ জানান, পদ্মপুকুর ও প্রতাপনগরে আট কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ১৫ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ চলছে। পদ্মপুকুরে এক সপ্তাহ ধরে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা গেছে।গাবুরা ও পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান জি এম সফিউল আযম ও আমজাদুল আলম অভিন্ন সুরে বলেন, পাউবোর রিং বাঁধ খুবই দুর্বল। বড় ধরনের জোয়ারে আবার ভেঙে যেতে পারে।শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিবর আহমদ কর্মসৃজন, পুকুর সংস্কার ও সাইক্লোন সেন্টার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলার উল্লেখ করে বলেন, পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।