শ্যামনগরের ১৫ গ্রাম নতুন করে প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরের আইলাদুর্গত পদ্মপুকুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রিং বাঁধ ভেঙে নতুন করে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের চাপে ও দমকা বাতাসে রিং বাঁধে গত রবি ও সোমবার আট স্থানে ভেঙে এ অবস্থার সৃষ্টি হয়েছে।পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল হোসেন জানান, আইলার পর কাজের বিনিময়ে খাদ্য ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মপুকুর থেকে খুটিকাটা পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রিং বাঁধ নির্মাণ করা হয়। খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারে রোববার রাতে ওই রিং বাঁধের দুই স্থানে ভাঙন দেখা দেয়। সোমবার সকালে ওই রিং বাঁধের আটটি স্থান ভেঙে নদীগর্ভে বিলীন হয়। এতে গড়কমরপুর, কেদারবাতান, পদ্মপুকুর, পাখিমারা, চাউলখোলা, বাইনতোলা, খুটিকাটা, কামালকাটি, ঝাপা, পাতাখালি, সোনাখালি, চণ্ডীপুরসহ ১৫টি স্থান নতুন করে প্লাবিত হয়েছে। রিং বাঁধ ভেঙে যাওয়ায় যেসব এলাকার মানুষ বিধ্বস্ত ভিটায় ফিরে বসবাস শুরু করেছিল, তাদের অনেকে আবার নতুন করে গৃহহীন হয়ে পড়েছে।কামালকাটি গ্রামের আনছার ঢালী, আবদুর রশিদ, অমল কৃষ্ণ মণ্ডলসহ কয়েকজন জানান, আইলার পর তাঁরা দীর্ঘদিন সাতক্ষীরায় ছিলেন। ভিটাবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় ১০ দিন আগে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার নতুন করে বাড়ি প্লাবিত হওয়ায় তাঁরা আবার বাড়ি ছেড়ে চলে এসেছেন। চণ্ডীপুর গ্রামের রুহিনা মণ্ডল, পাখিমারা গ্রামের সুধীর মণ্ডল ও খুটিকাটা গ্রামের সুভাষ চন্দ্র মৃধা জানান, তাঁদের সবাই আইলায় গৃহহীন হয়ে পড়ে শ্যামনগর সদরে ছিলেন। প্রায় ১০ মাস পর বাড়ি ফিরে সপ্তাহ পেরুতে না পেরুতেই আবার বাড়ি ছাড়তে হলো।সাতক্ষীরা পাউবো বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ জানান, রিং বাঁধের দু-তিন স্থানে ভেঙে ও পানি উপচে কিছু পানি ঢুকেছে। তবে সেটা তেমন ভয়াবহ নয়। নদীতে জোয়ার অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। জোয়ার না কমলে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া যাচ্ছে না।