শ্যামপুর, মাতুয়াইল ও দনিয়ায় জলাবদ্ধ সড়ক, যান চলাচল বন্ধ

শ্যামপুর, মাতুয়াইল ও দনিয়া ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক সড়ক ও গলি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ৷ এ কারণে প্রায় ২০টি সড়কে আড়াই বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে৷ এসব সড়কে চলতে গিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পয়োনিষ্কাশন লাইন ভেঙে যাওয়া ও সড়ক থেকে পয়োনিষ্কাশনের লাইন উঁচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার প্রায় সব সড়কই খানাখন্দে ভরা। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা।
দনিয়া ইউনিয়ন ও মাতুয়াইল ইউনিয়ন জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের এবং শ্যামপুর ঢাকা-৪ আসনের অন্তর্ভুক্ত। বর্তমানে এই তিনটি ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্তর্ভুক্ত হয়েছে৷
গত বুধবার সরেজমিনে দেখা যায়, দনিয়া বাজার রোডে কালো পানিতে তলিয়ে আছে। সেই পানি মাড়িয়েই চলাচল করছেন পথচারীরা৷ কেউ কেউ রিকশায় করে যাতায়াত করছেন। সড়কের পানিতে ভাসছে পয়োবর্জ্য ও আবর্জনা৷ বাতাসে দুর্গন্ধ৷ নাক চেপে চলাচল করছেন পথচারীরা৷ একইভাবে মাতুয়াইল ইউনিয়নের মুজাহিদ নগর ও মদিনাবাগের ছোট-বড় প্রায় ২০টি সড়ক পয়োনিষ্কাশন লাইনের ময়লা পানিতে ডুবে আছে। এই দুটি এলাকার বিভিন্ন স্থানে জমেছে হাঁটুপানি। সড়কের পশ্চিম পাশে উঁচু পয়োনিষ্কাশন লাইনের ওপর দিয়ে হাঁটছেন পথচারীরা। এ ছাড়া সড়কে এক হাঁটুর বেশি পানি ও বড় বড় গর্ত থাকায় পশ্চিম মোহাম্মদনগর, পূর্ব কদমতলী, শ্যামপুর ঢাল, মুন্সিবাগ, মেরাজনগর, খানকা শরিফ রোড এলাকার প্রায় সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকার অলিগলিতেও পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে সড়কের দুপাশের দুই শতাধিক দোকানপাট বন্ধ রয়েছে। প্রায় অর্ধশতাধিক দোকানের ভেতর ঢুকেছে পানি।
রায়েরবাগের বাসিন্দা মীর আহম্মেদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে ময়লা পানি মাড়িয়ে চলাচল ও দুর্গন্ধে বিভিন্ন শ্রেণির মানুষ পেটের পীড়া, চর্মসহ বিভিন্ন ধরনের অসুখে ভুগছেন। এসব এলাকার মানুষ প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হন না৷ আর সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় যানবাহনের ভাড়াও দিতে হয় দ্বিগুণ। প্রায় একই সমস্যার কথা জানিয়েছেন দনিয়ার বাসিন্দা রুহুল আমিন তালুকদার ও মেরাজনগরের বাসিন্দা সাদ্দাম হুসাইন৷
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, রাজধানী-সংলগ্ন ওই তিনটি ইউনিয়ন পরিষদে দিন দিন অনেক বহুতল ভবন গড়ে উঠছে। মানুষের চাপও বাড়ছে৷ কিন্তু এসব এলাকার পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বা সংস্কারে বড় ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি৷ ফলে বিভিন্ন সড়ক সাত থেকে আট বছর ধরে জলাবদ্ধতা হয়ে রয়েছে৷
জানতে চাইলে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, এই তিনটি ইউনিয়নে দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা৷ এই সমস্যা সমাধানে সরকারের একটি বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে৷