শ্যামপুর শিল্পদূষণের আরেক 'হাজারীবাগ'

শিল্পকারখানার বর্জ্য মেশানো কালচে পানি ঢুকছে লোকালয়ে। জমে থাকা পানির ওপর দাঁড়িয়ে আছে কয়েক হাজার ঘর। দুর্গন্ধ চারদিকে। ঘরের চালে মরচে ধরে গেছে। এলাকাবাসী জানান, বাইসাইকেল, মুঠোফোনের চার্জারের পিন, কোমরবন্ধনীর স্টিলের অংশ—ধাতব সবকিছুতেই মরচে ধরছে বাতাসে ঝাঁজালো উপাদানের কারণে।
রাজধানীর শ্যামপুরের আবাসিক এলাকায় গড়ে ওঠা স্বঘোষিত এই ‘শিল্প এলাকার’ দূষণের ভয়াবহতা কতটা, সেটা সবার আগে টের পায় পাশের রেললাইনের ধারের ৩০ হাজার মানুষের এই জনবসতি। তবে কারখানার এই দূষিত বর্জ্য মেশানো পানির মূল গন্তব্য পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, যেটি রক্ষায় রাজধানীরই আরেক প্রান্তে হাজারীবাগে পুরোনো চামড়াশিল্প কারখানাগুলো মাত্রই উঠিয়ে দেওয়া হয়েছে।
কী আছে শ্যামপুরের এ বর্জ্যমিশ্রিত পানিতে? জানতে এখানকার তিন জায়গা থেকে পানি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পরীক্ষা করায় প্রথম আলো। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পানিতে মিশে থাকা সালফায়েড ও সালফেটের মতো উপাদানগুলো রয়েছে সহনীয় মাত্রার চেয়ে দেড় শ থেকে দুই শ গুণ বেশি।
খোঁজ নিয়ে দেখা গেছে, কারখানায় কোনো ধরনের বর্জ্য পরিশোধনব্যবস্থা নেই বলে পানির এই দূষণ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এসব উপাদান মিশে থাকা তরল শিল্পবর্জ্য এলাকার মানুষ এবং পরিবেশ আর বুড়িগঙ্গার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে।
উচ্চমাত্রার দূষণের জন্য এটাকে অনেকে আরেক ‘হাজারীবাগ’ বলে উল্লেখ করছেন।
দূষণের উৎস শিল্পাঞ্চল
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত শতকের নব্বইয়ের দশকে গড়ে ওঠা এই শিল্প এলাকায় কারখানার সংখ্যা ২০০টি। এর মধ্যে রিরোলিং (লোহা গলিয়ে ইস্পাতের রড তৈরি), ইস্পাত এবং তৈরি পোশাকের রং তৈরির কারখানাই বেশি।
এতগুলো কারখানার মধ্যে বর্জ্য শোধনাগার (ইটিপি) একেবারে অপরিহার্য, এমন শিল্পকারখানার সংখ্যা ৬৫টি। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আলমগীর বলেন, মাত্র পাঁচটির ইটিপি আছে। তাও একটির ইটিপি নষ্ট।
দূষণের ছায়ায় বিষাক্ত বসতি
যাত্রাবাড়ীর মোড় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পূর্ব জুরাইন পার হয়ে নারায়ণগঞ্জমুখী রেললাইনের দুই পারে এই জনবসতি। রেললাইনের পূর্ব পারে বিশালাকার সব কারখানা। এটাই শ্যামপুর শিল্পাঞ্চল।
প্রাচীরঘেরা কারখানাগুলো। প্রাচীরের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে বর্জ্যপানির নালা। রেললাইনের স্লিপারের নিচ দিয়েও নালা চলে গেছে। পড়ছে নামা বস্তি এলাকায়। পূর্ব জুরাইন থেকে পাগলা পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় অন্তত ১২টি জায়গায় তৈরি এসব নালা দিয়ে ঢুকছে পানি। বস্তির বাসিন্দা মেহেরজান বেগম (৪৬) বলছিলেন, ‘দিন নাই, রাত নাই পানি আহে। গোন্ধে থাহা যায় না।’
দূষণমাত্রা অসহনীয়
গত ৮ ফেব্রুয়ারি শ্যামপুর কদমতলী শিল্প এলাকার নামা শ্যামপুর বস্তি, শ্যামপুর লঞ্চঘাট এলাকা এবং এ ঘাটের কাছে বুড়িগঙ্গা থেকে পানি সংগ্রহ করা হয়। তিন জায়গার তিন বোতল পানি ওই দিনই দেওয়া হয় বুয়েটের ব্যুরো অব রিসার্চ, ট্রেনিং অ্যান্ড কনসালটেশনে (বিআরটিএ)। ১৮ ফেব্রুয়ারি পরীক্ষার ফল পাওয়া যায়।
পানির গুণগত মান বোঝার অন্যতম উপায় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (সিওডি) মাত্রা বিবেচনা করা। এ দুইয়ের মাত্রা যত বেশি হবে, পানির মান তত খারাপ বলে বিবেচিত হবে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ অনুযায়ী, শিল্পবর্জ্য বহন করা পানিতে বিওডির সহনীয় মাত্রা প্রতি লিটার পানিতে ৫০ মিলিগ্রাম এবং সিওডির ২০০ মিলিগ্রাম। শ্যামপুরে নামা বসতিতে বিওডির পরিমাণ ১২০ মিলিগ্রাম আর সিওডির ৩৫৮ মিলিগ্রাম। লঞ্চঘাটে যেখানে এই শিল্পের বর্জ্য গিয়ে বুড়িগঙ্গায় পড়ছে, সেখানে বিওডি ৩০৪ মিলিগ্রাম এবং সিওডি ৫৪৯ মিলিগ্রাম। শিল্পবর্জ্যে হাইড্রোজেন সালফায়েডের সহনীয় মাত্রা এক মিলিগ্রাম। কিন্তু নামা শ্যামপুরের পানিতে এর পরিমাণ ১২৫ মিলিগ্রাম আর লঞ্চঘাটে ৯০ মিলিগ্রাম।
বুয়েটের পূরকৌশল বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিওডি এবং সিওডির পরিমাণ বেশির অর্থ হলো, এখানকার পানিতে অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। তিনি বলেন, এখানে সবচেয়ে ভয়ানক হলো সালফায়েড। এর ব্যাপক উপস্থিতি এলাকায় দুর্গন্ধ তৈরি করছে। আর এর বাষ্পীয় রূপ টিন বা এ ধরনের কোনো ধাতব বস্তুকে নষ্ট করে ফেলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘শ্যামপুর এলাকার বর্জ্যপানি জানান দিচ্ছে, এ অঞ্চলের মানুষকে পরোক্ষভাবে হত্যা করা হচ্ছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, যারা এই এলাকায় সার্বক্ষণিক বসবাস করে ক্ষতিটা তাদের জন্য বেশি। নিশ্বাস নেওয়ার সময় এসব উপাদান শরীরে চলে যায়। অধ্যাপক আবদুল্লাহ বলেন, ‘এগুলোকে আমরা সোজা বাংলায় বলতে পারি বিষাক্ত উপাদান। এসব শরীরে প্রবেশ করে থেকে যায়, আর ক্ষতির মাত্রা বাড়াতে থাকে। এখানে থাকলে শ্বাসকষ্ট, অ্যাজমা, চর্মরোগ হওয়ার আশঙ্কা রয়েছে।’
অধ্যাপক আবদুল্লাহর মতে, অপরিণত অর্থাৎ শিশুদের ফুসফুস আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তবে বৃদ্ধ-নারী-তরুণ সব বয়সী মানুষই এই ঝুঁকির মধ্যে আছে।
আরেক ‘হাজারীবাগ’
প্রথম আলোর পক্ষ থেকে শ্যামপুর লঞ্চঘাটসংলগ্ন বুড়িগঙ্গার পানিও পরীক্ষা করা হয়। নদীর পানিতে বিওডির সহনীয় মাত্রা ৫ মিলিগ্রাম এবং সিওডির ১০ মিলিগ্রাম। পরীক্ষিত পানিতে দেখা গেছে, সেখানে বিওডি ৬০ মিলিগ্রাম এবং সিওডি ১৫০ মিলিগ্রাম। নদীর পানিতে সালফায়েডের ন্যূনতম উপস্থিতিও ক্ষতিকর। অথচ বুড়িগঙ্গায় এর পরিমাণ দেখা গেছে ৫০ মিলিগ্রাম।
পানি বিশেষজ্ঞ মুজিবুর রহমান বলেন, ‘বুড়িগঙ্গাকে একেবারে বর্জ্যের আধারে পরিণত করা হচ্ছে, পানির মান তাই বলছে। মানুষের জীবন দুর্বিষহ করে তোলার পর এটি নদী ধ্বংস করছে।’
বুড়িগঙ্গার পানি নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির একদল গবেষক একটি গবেষণা করেন ২০১৫ সালে। ওই বছরের জানুয়ারি মাসে ঢাকার লাগোয়া বুড়িগঙ্গার বিভিন্ন জায়গা থেকে পানি পরীক্ষা হয়। হাজারীবাগে বিওডির পরিমাণ ছিল ১৩৪ দশমিক ৭ এবং সিওডি ২৮২ মিলিগ্রাম। ঢাকার যেকোনো জায়গার তুলনায় এই পরিমাণ ছিল সবচেয়ে বেশি। গবেষকদের একজন অধ্যাপক কে আয়াজ রব্বানী বলেন, বুড়িগঙ্গার ‘নতুন হাজারীবাগ’ হয়ে উঠতে পারে এই শ্যামপুর।
অভিযানে লাভ হয় না
পরিবেশ অধিদপ্তর একাধিকবার এই এলাকায় দূষণবিরোধী অভিযান চালালেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং অভিযান একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি অধিদপ্তর অভিযান চালিয়ে ১১টি কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ সময় স্থানীয় লোকজন নিয়ে বাধা দেন স্থানীয় সাংসদ সৈয়দ আবু হোসেন। অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর। তিনি বলেন, দূষণকারীদের পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের বাধা দুঃখজনক।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম এ জেড এম সারজিল হাসান ২০১৪ সালের ২৭ এপ্রিল এক অভিযান চালাতে গিয়ে বাধাপ্রাপ্ত হন সাংসদ সানজিদা খানমের কাছে থেকে। এক তদন্ত প্রতিবেদনে এই বাধা দেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন।
সাংসদ এবং শ্যামপুর-কদমতলী শিল্পমালিক সমিতির সভাপতি সৈয়দ আবু হোসেন প্রথম আলোকে বলেন, ‘অভিযানে আমি বাধা দিইনি। এ সময় শ্রমিকেরা পথ আটকে দিয়েছিল। আমি গিয়েছিলাম পরিস্থিত শান্ত করতে।’
সাংসদ সানজিদা খানম অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পাগলার লেগুনার কাছে একটি স্থায়ী কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) করার জন্য ঢাকা ওয়াসার জমি পাওয়ার চেষ্টা করেছি। তবে ওয়াসা এ ব্যাপারে কর্ণপাত করে না। সেখানে বিশ্বব্যাংকের প্রকল্পের কাজ হবে বলে এড়িয়ে যায়।’
জানতে চাইলে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী কামরুল হাসান বলেন, ‘পাগলার কাছে বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্পের কাজ শুরুর পথে। এখানে ওয়াসার পয়োশোধনাগার সম্প্রসারণের কাজ হবে। এ জায়গা তো দেওয়া যাবেই না।’