শ্যামপুরে এ কেমন সড়ক!

রাজধানীর শ্যামপুর ইউনিয়নের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকার বিভিন্ন সড়কের বেহাল দশা বেশ আগে থেকেই। এলাকাবাসী সড়কগুলোর খানাখন্দ ইট দিয়ে ভরাট করে চলাচলের উপযোগীও করেছিল। কিন্তু বৃষ্টির ফলে সড়কের কঙ্কালসার অবস্থা আবার বেরিয়ে পড়েছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
গতকাল বুধবার শ্যামপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, নামা শ্যামপুর, মোক্তার হোসেন রোড, মেরাজনগর বড় মসজিদের সামনে, সলিমুল্লাহ স্কুল সড়ক, পূর্ব কদমতলী হাওয়ার মার বাড়ি, আদর্শনগর, নতুন শ্যামপুর লাল মিয়ার বাড়ি ও ঢাকা ম্যাচ এলাকার বিভিন্ন রাস্তাগুলোর মাঝে গর্ত।
ঢাকা ম্যাচ এলাকার এস এস রিরোলিং মিলের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নামেই শিল্পাঞ্চল, উন্নয়ন তো হয় না। সড়কের কারণে কারখানার মালামাল আনা-নেওয়ার কষ্ট। হেলেদুলে খানাখন্দ পেরিয়ে যানবাহন চলছে। তিনি বলেন, সাংসদ-চেয়ারম্যানেরা তো চায় রাস্তা ভাঙুক, ভাঙলে আবারঠিক করার নামে টাকা লুট করতে পারবে।
স্থানীয়রা অভিযোগ করেন, গত চার-পাঁচ বছর ধরে এ সড়কগুলো মেরামত করা হয় না। নিজেরা চাঁদা তুলে মাঝেমধ্যে সাময়িকভাবে মাটি-ইট ফেলে সড়ক মেরামত করলেও তা টেকে না। বরং সেই মাটি ও ইট গুঁড়া হয়ে প্রচণ্ড ধুলার সৃষ্টি হচ্ছে।
সরকারি জেলা বাতায়নের হিসাবে পাঁচ বর্গ মাইল আয়তনের এ ইউনিয়নে প্রায় দুই লাখ ১৪ হাজার লোক বসবাস করে। এখানে শিল্পকারখানা রয়েছে প্রায় ২২০টি। তবে এলাকার লোকজনের মতে, শ্যামপুর ইউনিয়নে সরকারি হিসাবের দ্বিগুণ শিল্পকারখানা রয়েছে। শ্যামপুর ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের আওতাধীন একটি ইউনিয়ন।
সড়কের দুর্দশা প্রসঙ্গে শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. লুৎফর রহমান বলেন, শ্যামপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে শনির আখড়া, মৃধা বাড়ি ও জিয়া স্মরণি এলাকার বৃষ্টির পানি শীতলক্ষ্যা নদীতে গিয়ে পড়ে। এলাকাগুলো নিচু হওয়ায় কিছু পানি সড়কেই জমে থাকে। ফলে সড়কের মধ্যে গর্ত তৈরি হয়।
শ্যামপুর ইউনিয়নের পূর্ব কদমতলী মেরাজনগর বড় মসজিদের সামনে থেকে মোহাম্মদবাগ চৌরাস্তার দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এই আধা কিলোমিটারে সড়কের অস্তিত্ব রয়েছে বলে বোঝার উপায় নেই। গতকাল দেখা যায়, এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লোকজন যানবাহন থেকে নেমে এ দূরত্বটুকু হেঁটে পার হয়ে আবার যানবাহনে উঠছেন। ফুটপাতবিহীন সড়ক হেঁটে পার হতেও তাঁদের পোহাতে হচ্ছে বিস্তর ঝামেলা। সড়কে জমে থাকা বৃষ্টির পানি আর ময়লা মিলেমিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এলাকার বাসিন্দা জোনাব আলী বলেন, ‘আমাদের খোঁজ নেওয়ার কেউ নাই। রাস্তাঘাট যাচ্ছেতাই, বৃষ্টি হলে পানি সরে না চার-পাঁচ দিন। এ রাস্তা শেষ কবে ঠিক হইছে তাও মনে নাই।’
ইউনিয়ন পরিষদের পূর্ব কদমতলী এলাকার মহিলা সদস্য ঝুনু বেগম বলেন, মানুষজন চলাচল করতে পারছে না। বেহাল সড়কের ব্যাপারে সাংসদ, চেয়ারম্যানকে কয়েকবার বলা হয়েছে। তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
সড়কগুলোর এ অবস্থা সম্পর্কে জানতে শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান শফিকুর রহমানকে পাওয়া যায়নি। কার্যালয় থেকে জানানো হয় তিনি ঢাকা থেকে বিকেলে কার্যালয়ে এসে অফিস করেন। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে একজন ফোন ধরে নিজেকে চেয়ারম্যানের সহকারী পরিচয় দিয়ে বলেন, ‘চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছেন। ৩০ মিনিট পরে ফোন দেন।’ কিন্তু ৩০ মিনিট পরে কয়েকবার ফোন দিয়ে চেয়ারম্যানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
শ্যামপুর এলাকার সাংসদ সৈয়দ আবু হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রথম আলোর পরিচয় দিয়ে সড়কগুলোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সামনে অনেক লোক, আপনি কিছুক্ষণ পরে ফোন দেন।’ এরপর চেষ্টা করা হলে সাংসদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।