শ্যামপুরে এক কারখানায় শ্রমিকদের ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার ইমাম ডায়িং, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড নামের কারখানায় গতকাল শুক্রবার ব্যাপক ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।কারখানা কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা ১২ জন শ্রমিকের অনুগতরা এই ভাঙচুর করেন। ওই কারখানায় ৯০০ শ্রমিক কাজ করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওই ১২ শ্রমিক তাঁদের পুনর্বহালের দাবি জানাতে গতকাল দুপুর দুটার পর কারখানায় ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা প্রধান ফটকে তাঁদের আটকে দেন। এতে ভেতরে থাকা শ্রমিকেরা কাজ বন্ধ করে ওই ১২ জনকে পুনর্বহালের দাবিতে মিছিল করে বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর ওই ১২ জনসহ কয়েক শ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে পেছনের ফটক ভেঙে কারখানায় ঢুকে পড়েন। তাঁরা বয়লার ভাঙচুরসহ ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সেখানে গিয়ে লাঠিপেটা শুরু করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আশপাশে অবস্থান নেন। তাঁরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে কারখানার জানালার কাচ ভাঙচুর করেন। পুলিশ দফায় দফায় লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি বিকেল চারটার দিকে পুলিশ-র‌্যাবের নিয়ন্ত্রণে আসে।ইমাম ডায়িং, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ভাঙচুরের পর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরা তিন কোটি টাকা মূল্যের বয়লারসহ প্রচুর ক্ষতিসাধন করেছেন। তিনি বলেন, তাঁরা সরকার ঘোষিত বেতন কাঠামোয় শ্রমিকদের বেতন দিচ্ছেন। কিন্তু গত ১০ ডিসেম্বর আরও বেশি বেতনের দাবিতে একদল শ্রমিক কারখানার মহাব্যবস্থাপককে মারধর করলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। ওই শ্রমিকেরা কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ায় কয়েক দিন পর কারখানা খুলে দেওয়া হয়। কিন্তু তাঁদের মধ্যে ১২ জন শ্রমিক উচ্ছৃঙ্খল আচরণ ও কারখানার নিয়মনীতি লঙ্খন করতে থাকেন। তাঁরা প্রত্যেক শ্রমিকের বেতন আরও এক হাজার টাকা বাড়ানোর দাবি জানালে কর্তৃপক্ষ ৩০০ থেকে ৪০০ টাকা বাড়ানোর আশ্বাস দেয়। কিন্তু ওই ১২ শ্রমিক তা মেনে নেননি। তাঁদের ইন্ধনে অন্য শ্রমিকেরা গত এক মাস ঠিকমতো কাজ করেননি। এতে কারখানা লোকসানের মুখে পড়ে। কর্তৃপক্ষ তাঁদের সাময়িক বরখাস্ত করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু গতকাল অন্য শ্রমিকেরা ওই ১২ জনকে পুনর্বহালের দাবিতে কাজ বন্ধ করে কারখানার বাইরে বেরিয়ে আসেন।কদমতলী থানার অপারেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, পুলিশ যথাসময়ে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।