শ্যামপুরে লোহার কারখানায় বিস্ফোরণ, চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কদমতলী থানার শ্যামপুর বড়ইতলা এলাকায় লোহা গলানোর কারখানায় বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন মো. এনামুল হক (৩৮), পলাশ (২৫), রবিন (২৫) ও বাবুল (২৭)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে বাবুলের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিদগ্ধ লোকজনের সহকর্মী সিদ্দিক প্রথম আলোকে জানান, আজ বিকেলে লোহা গলানোর সময় হঠাৎ করেই লোহা গলানোর পাত্রটি বিস্ফোরিত হয়। এতে ওই চারজন দগ্ধ হন। পরে সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, এনামুলের শরীরের ২০ পলাশ ও রবিনের শরীরের ২৫ ও বাবুলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে এনামুল চলে গেছেন। বাবুলের অবস্থা বেশ আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।