শ্যামপুরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
রাজধানীর শ্যামপুরের বড়ইতলায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় আজ শনিবার বিকেলে হাইড্রলিক অয়েল সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন, মুজিবুর রহমান (৪০), এনামুল হক (৩৫), বিল্লাল হোসেন (৩০), রুবেল (১৫) ও মিজানুর রহমান (২০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাঁরা চিকিৎসাধীন। তাঁরা ‘হালিম মলডিং ওয়ার্কশপে’ কাজ করেন।
হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, আগুনে বিল্লালের শরীরের ৪৮, এনামুলের ৪০, মিজানুরের ৬০ ও রুবেলের ৯ শতাংশ পুড়ে গেছে। মুজিবুরের শরীরের সামান্য অংশ পুড়ে গেছে। তাঁদের মধ্যে বিল্লাল, এনামুল ও মিজানুরের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, হাইড্রলিক অয়েল সিলিন্ডারটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি দল গিয়ে আগুন নেভায়।