শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে সালাম স্টিল মিলে গতকাল শনিবার রাতে ভাট্টি চুলায় বিস্ফোরণে চার ব্যক্তি দগ্ধ হয়েছেন।

দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন মিলের সুপারভাইজার আবু সায়ীদ (৪০), শ্রমিক মাহবুবুর রহমান (২৫), মতিউর রহমান (২৪) ও বুলবুল (২২)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সুপারভাইজার আবু সায়ীদ বলেন, গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁরা লোহার রড বানানো ‘ভাট্টি চুলায়’ কাঁচামাল দিচ্ছিলেন। এই কাঁচামালের মধ্যে ভাঙারি জিনিস ছিল। ওই ভাঙারি জিনিস চুলায় দেওয়া মাত্রই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চুলার আগুনে তাঁরা চারজন দগ্ধ হন। মিলের অন্য শ্রমিকেরা তাঁদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত পৌনে চারটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে মাহবুবের চোখের ক্ষতি হয়েছে। তাঁকে চক্ষু ইউনিটে পাঠানো হবে।