শ্যামপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
রাজধানীর পশ্চিম জুরাইনে গতকাল শুক্রবার এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাস রোধে হত্যা করেছেন। স্থানীয় লোকজন স্বামী নাসির উদ্দিনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শ্যামপুর থানার পুলিশ ১০২, পশ্চিম জুরাইনের ভাড়া বাড়ি থেকে সোনিয়া আক্তারের (২২) লাশ উদ্ধার করে। ঘরের আড়ায় বাঁধা ওড়না গলায় পেঁচানো অবস্থায় লাশটি ঝুলছিল। তবে পা ছিল খাটের ওপরেই।বাড়িওয়ালা রিপন মিয়া প্রথম আলোকে জানান, নাসিরের কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন সকালে তাঁকে ঘুম থেকে ডেকে তোলে। তিনি জানালার ফাঁক দিয়ে দেখেন, সোনিয়ার শরীর খাটের ওপর ঝুলে আছে। পরে প্রতিবেশী ও পুলিশের সহায়তায় দরজা খোলা হয়। রিপন মিয়া বলেন, দৃশ্যত স্ত্রীকে হত্যার পর নাসির মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের ভেতর অঝোরে কাঁদছিলেন। বাড়িওয়ালা জানান, তিন মাস আগে সোনিয়া ঘর ভাড়া নেন। সোনিয়ার পরিবার নাসিরকে একটি মুদিদোকান করে দিয়েছিল। সোনিয়া ওই ব্যবসার লাভের কথা জানতে চাইলে নাসিরের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, সোনিয়ার স্বামীই তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে ধরে ধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে। ওসি জানান, নাসির স্ত্রীকে হত্যার কথা উপস্থিত লোকজনের কাছে স্বীকার করেন। এ ঘটনায় সোনিয়ার মা লুৎফুন্নেসা বাদী হয়ে নাসির উদ্দিনকে আসামি করে থানায় একটি মামলা করেন। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।সোনিয়ার ভগ্নিপতি আবুল হাসেম জানান, সোনিয়া ও নাসির উদ্দিন প্রেম করে পরিবারের অজান্তে সাত মাস আগে বিয়ে করেন। সোনিয়ার মা লুৎফুন্নেসা দুবাইয়ে কাজ করতেন। তিনি সেখান থেকে যাবতীয় টাকা-পয়সা মেয়ের নামেই পাঠাতেন।সোনিয়ার বাবার নাম সামেদ ব্যাপারি। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার সাত্রাপাড়ায়। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সোনিয়া সবার ছোট ছিলেন।