শ্যামপুরের ৪২ কারখানাকে সোয়া কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে ৪২টি ডাইং কারখানাকে এক কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দূষণের অভিযোগে ওই কারখানার মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে দূষণের অপরাধ প্রমাণিত হওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, শ্যামপুর শিল্প এলাকা এবং শ্যামপুরে অবস্থিত ওই ৪২টি ডাইং ও ওয়াশিং কারখানার পরিবেশগত ছাড়পত্র এবং এগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছিল না। তারা অপরিশোধিত তরল বর্জ্য খালের মাধ্যমে পাশের বুড়িগঙ্গা নদীতে ফেলছিল। এ দূষণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় কারখানাগুলোকে জরিমানা করা হয়।
মো. আলমগীর প্রথম আলোকে বলেন, শ্যামপুর এলাকায় দূষণের কারণে বুড়িগঙ্গা নদী বিপন্ন হতে চলেছে। তাই দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
শুনানিতে প্রতিষ্ঠানগুলোর পক্ষে উপস্থিত মালিক বা প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা চান। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা দ্রুত ইটিপি স্থাপনের অঙ্গীকার করেন এবং এ আদেশ পালনে ব্যর্থতায় কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেন বলে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে।