
পুরান ঢাকার শ্যামবাজারের বেড়িবাঁধ সড়ক ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব আবর্জনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফলে এই সড়কের ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন না পথচারীরা।
শ্যামবাজারে (কাঁচাবাজার) ময়লা-আবর্জনা রাখার নির্দিষ্ট স্থান বা পাত্র না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর বেড়িবাঁধ সড়কের এই বেহাল অবস্থার কারণে এক যুগের বেশি সময় ধরে সদরঘাট থেকে পোস্তগোলায় যান চলাচল বন্ধ রয়েছে। এ সুযোগে লালকুঠির ঘাট থেকে শ্যামবাজারের কচুঘাট ও ফরাশগঞ্জ মসজিদ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কের দুই-তৃতীয়াংশ দখল করে চলছে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য।
স্থানীয় বাসিন্দারা জানান, বেড়িবাঁধ সড়ক দখলমুক্ত ও সংস্কার করলে রাজধানীর গাবতলী থেকে পোস্তগোলা যাতায়াত সহজ হবে। সময়ও কম লাগবে। এতে কিছুটা হলেও কমবে রাজধানীর যানজট।
ডিএসসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, শ্যামবাজারের ময়লা বেড়িবাঁধ সড়কে না ফেলতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা মানছেন না। তাই সম্প্রতি এই এলাকায় একটি নির্দিষ্ট স্থানে ময়লা রাখার স্থান নির্মাণ এবং সড়কে থাকা আবর্জনা অপসারণের জন্য ডিএসসিসিকে চিঠি দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, লালকুঠির ঘাট এলাকা থেকে শ্যামবাজারের কচুঘাট পর্যন্ত বেড়িবাঁধ সড়কের দুই-তৃতীয়াংশ দখল করে গড়ে উঠেছে কাঁচা সবজির শতাধিক দোকান। এসব দোকানের কারণে ঠিকমতো সড়ক দিয়ে রিকশাও চলাচল করতে পারছে না। আর কচুঘাট এলাকা থেকে ফরাশগঞ্জ মসজিদ পর্যন্ত সড়কের ওপর ফেলা হচ্ছে শ্যামবাজারের ময়লা-আবর্জনা। এই সড়কের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপের পরিমাণ হবে সাত থেকে আট ফিট উঁচু। সড়কের ফুটপাত দিয়েও হাঁটতে পারছেন না পথচারীরা। ময়লা রাখার জন্য নেই কোনো কনটেইনার। এ ছাড়া শ্যামবাজারের হাজি মোহাম্মদ চান মিয়া ঘাট ও কচুঘাটে নদীর পাড়েও আছে আবর্জনার স্তূপ।
শ্যামবাজারের সবজি ব্যবসায়ী হানিফ মিয়া বলেন, ‘বাজারের ময়লা-আবর্জনা আগে বুড়িগঙ্গা নদীতে ফেলা হতো। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধা দেওয়ায় প্রায় ১৪ বছর ধরে সড়কেই তা ফেলা হচ্ছে। দু-এক মাস পরপর সিটি করপোরেশন তা পরিষ্কার করে নেয়। তবে শ্যামবাজারে ডিএসসিসি ময়লা ফেলার স্থান ও কনটেইনারের ব্যবস্থা করলে আবর্জনা সড়কে ফেলব না।’
ফরাশগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, তাঁর বাসা থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে শ্যামবাজারের কচুঘাটে হেঁটে যেতে সময় লাগে ৮ থেকে ১০ মিনিট। কিন্তু এই সড়কে ময়লা-আবর্জনা থাকায় বি কে দাস রোড এলাকা দিয়ে ঘুরে আসতে হয়। এতে দ্বিগুণের বেশি সময় লাগে। এ ছাড়া ফরাশগঞ্জ থেকে পোস্তগোলা পর্যন্ত বেড়িবাঁধ সড়কে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
ধোলাইখাল এলাকার বাসিন্দা মো. আরিফ বলেন, সড়কে আবর্জনা ফেলার কারণে ফুটপাত দিয়েও চলাচল করা যাচ্ছে না। তীব্র দুর্গন্ধ। এত দূর পথ নাক চেপেও পার হওয়া দায়।
শ্যামবাজারের ময়লা-আবর্জনা বেড়িবাঁধ সড়কে ফেলছিলেন শ্রমিক মো. জাকির। তিনি বলেন, প্রতিদিন সকাল ১০টার পর থেকে বাজারের ময়লা-আবর্জনা এই সড়কে ফেলা শুরু হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বন্যা থেকে রাজধানীকে রক্ষায় ১৯৮৮ সালে পোস্তগোলা থেকে আমিনবাজার পর্যন্ত বাঁধ নির্মাণ করে পাউবো। এই বেড়িবাঁধ সড়কের লালকুঠির ঘাট থেকে শ্যামবাজারের কচুঘাট পর্যন্ত অংশটি ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন। আর কচুঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কটি পাউবোর।
শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম বলেছেন, বিকল্প স্থান না পাওয়ায় বেড়িবাঁধ সড়কেই ময়লা ফেলছেন তাঁরা।