শ্যামবাজারের বেড়িবাঁধ সড়ক ফের দখল

পুরান ঢাকার শ্যামবাজারের বেড়িবাঁধ সড়ক দখল করে আবার বসছে অস্থায়ী কাঁচামালের দোকান। মাত্র ২৩ দিন আগে এই সড়ক থেকে সব ধরনের দোকান উচ্ছেদ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু এখন উচ্ছেদের কোনো আলামত নেই।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই সড়কে আবার দোকান বসতে শুরু করেছে। কয়েক দিনের মাথায় তা আগের অবস্থায় ফিরে গেছে। এসব দোকান থেকে স্থানীয় কতিপয় প্রভাবশালী নিয়মিত চাঁদা আদায় করছেন।
শ্যামবাজারসহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ সড়ক দখল হয়ে যাওয়ায় এক যুগের বেশি সময় ধরে সদরঘাট থেকে পোস্তগোলায় যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্যামবাজারে বেড়িবাঁধ সড়ক দখলমুক্ত ও সংস্কার করলে সদরঘাট থেকে পোস্তগোলা যাতায়াত সহজ হবে। সময়ও কম লাগবে। শ্যামবাজার এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৩ নম্বর ওয়ার্ডে পড়েছে।
ডিএসসিসি সূত্র জানায়, বন্যা থেকে রাজধানীকে রক্ষায় ১৯৮৮ সালে পোস্তগোলা থেকে আমিনবাজার পর্যন্ত বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই বেড়িবাঁধ সড়কের লালকুঠির ঘাট থেকে শ্যামবাজারের কচুঘাট পর্যন্ত অংশটি ডিএসসিসির নিয়ন্ত্রণাধীন। আর কচুঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত সড়কটি পাউবোর। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে গত ১০ অক্টোবর পোস্তাগোলার শ্মশানঘাট থেকে সদরঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার বেড়িবাঁধ সড়কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, লালকুঠির ঘাট এলাকা থেকে শ্যামবাজারের কচুঘাট পর্যন্ত ফুটপাতসহ বেড়িবাঁধ সড়কের দুই-তৃতীয়াংশ দখল করে গড়ে উঠেছে কাঁচা সবজির শতাধিক দোকান। সড়কে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। এসব বর্জ্যের ওপর দিয়ে চলাচল করছেন পথচারীরা। ক্রেতারা দোকান থেকে কেনাকাটা করছেন। দোকানের কারণে সড়কে রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এ ছাড়া সদরঘাট থেকে লালকুঠি পর্যন্ত সড়কের ফুটপাত দখল করে আছে ফল ও শীতের কাপড়ের প্রায় ৩০টি দোকান।
শ্যামবাজারের লাকী ঘাট এলাকায় সড়কে সবজি বিক্রি করছেন সোলাইমান হোসেন। তিনি বলেন, ‘উচ্ছেদের দিন সব মালামাল নিয়ে আগেই চলে গিয়েছিলাম। পরদিন আবার এখানে বসছি।’ তিনি বলেন, দোকান ভাড়া বাবদ দিনে তাঁকে ১০০ টাকা চাঁদা দিতে হয়। কিন্তু ভয়ে চাঁদাবাজের নাম বলেননি তিনি।
জানতে চাইলে ডিএসসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, বর্জ্য ফেলার কারণে শ্যামবাজার বেড়িবাঁধ সড়কটি ফরিদাবাদ এলাকায় এসে বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট থেকে পোস্তগোলা যান চলাচল করতে পারছে না। দোকানপাট উচ্ছেদের কয়েক দিন পরই আবার তা দখল হয়ে যায়। তিনি বলেন, শ্যামবাজার এলাকার বেড়িবাঁধ সড়ক সংস্কারে ডিএসসিসিকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সড়কটি সংস্কার করার পর যান চলাচল শুরু হলে দোকান বসতে পারবে না।