শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় প্রতিবেদন দাখিল
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ওই প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করেন। আগামী রোববার এ বিষয়ে হাইকোর্টে শুনানি হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রতিবেদনের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন বলেন, ৬৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করেছেন। রাষ্ট্রপক্ষের কাছে এর কপি পৌঁছেছে। রোববার শুনানি। স্থানীয় সাংসদ সেলিম ওসমান দোষী প্রমাণিত হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু বিচারাধীন, সেটা বলাও যাবে না। ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যাদের মধ্যে বিদ্যালয়ের অভিভাবক আছে, রিফাত ও তার মা আছে, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও সংশ্লিষ্ট ইমামের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে গত বছরের ১৩ মে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করার ঘটনাটি প্রকাশ পেলে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়। স্থানীয় সাংসদ সেলিম ওসমানই যে সেদিন শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করার নির্দেশ দিয়েছিলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তা দেখা যায়।
অন্যদিকে ওই ঘটনার পরপরই শিক্ষক শ্যামল কান্তিকে চাকরিচ্যুত করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নিন্দা ও প্রতিবাদের মধ্যে দুই দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ায় বিদ্যালয় কমিটিও বাতিল করা হয়। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা নেওয়ার পর ওই বছরের জুলাই মাসে স্কুলে ফিরে যান শ্যামল কান্তি।