শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন হাইকোর্টে
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা পড়েছে। আগামী রোববার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সাক্ষ্যগ্রহণ, অডিও রেকর্ড ও ভিডিও ক্লিপিং পর্যালোচনা করে পূর্ণাঙ্গ ৬৫ পৃষ্ঠার প্রতিবেদনটি হলফনামা করে আদালতে দেওয়া হয়েছে। আগামী রোববার বিস্তারিত শুনানি হবে। যথারীতি কার্যতালিকায় আসবে।
এ ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমানের সম্পৃক্ততা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংশ্লিষ্ট সাংসদ সেলিম ওসমান দোষী প্রমাণিত হয়েছেন কি না, এ বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না। কেননা বিষয়টি বিচারাধীন। বেশ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।’
স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন—এমন অভিযোগ তুলে গত বছরের ১৩ মে সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীকে স্কুলের মাঠে জড়ো হতে আহ্বান জানানো হয়। পরে একপর্যায়ে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। এ নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি তদন্ত করতে সরকারিভাবে কমিটি গঠন করা হয়।