শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। এ ঘটনায় স্থানীয় সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এই মানববন্ধন হয়। এতে উপজেলার সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা শ্যামল কান্তিকে লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা স্থানীয় সাংসদের পদ বাতিলের দাবি করেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ৮ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসন করার সময় শ্যামল কান্তি ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ১৩ মে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাঁর শাস্তির দাবিতে লোক জড়ো করা হয়। এরপর উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জাতীয় পার্টির সাংসদ এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।

শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৮ মে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে জানাতেও নির্দেশ দেন আদালত।

শ্যামল কান্তির বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের সত্যতা পায়নি সরকারের তদন্ত কমিটি। কমিটি বলেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করেছিল। এ জন্য তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল এবং ওই প্রধান শিক্ষককে নিজের পদে পুনর্বহাল করা হয়েছে।