শ্যামল কান্তির গ্রেপ্তার চায় ওলামা লীগ
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তির গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের একাংশ। তাঁদের দাবি, ‘ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতকারী বিশেষ করে রাষ্ট্রধর্ম ইসলাম অবমাননাকারী শিক্ষক নামধারী শ্যামল কান্তিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
ওলামা লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফৌজদারি অপরাধী শিক্ষক নামধারীরা শাস্তি পেলেও ধর্মীয় অনুভূতির মতো স্পর্শকাতর বিষয়ে শ্যামল কান্তির আঘাত দেওয়ার পর্যাপ্ত প্রমাণাদি থাকার পরও তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে না। বরং নাস্তিকপন্থী কিছু মিডিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
ওলামা লীগের এসব দাবির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘ওলামা লীগ আওয়ামী লীগের কেউ না। আমরা তাদের অস্বীকার করেছি। তাদের কথার গুরুত্ব নেই।’