শ্যামল কান্তির জিডি ঢাকার আদালতে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় করা সাধারণ ডায়েরি (নন এফআইআর মামলা) ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর বন্দর থানায় পুলিশের করা ওই সাধারণ ডায়েরির ভিত্তিতে আইন অনুসারে কার্যক্রম পরিচালনা করতে ঢাকার মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনাসহ গতকাল রোববার আদেশ দেন। পাশাপাশি নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমকে ওই জিডিসহ বিচারিক নথিপত্র অবিলম্বে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর শুনানি শেষে আদালত রুল নিষ্পত্তি করে ওই আদেশ দেন। হাইকোর্টের নির্দেশ অনুসারে ১৯ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান বিচারিক তদন্ত প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করেন।

গতকাল রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনা নিয়ে পত্রিকার সংবাদ নজরে আনা আইনজীবী এম কে রহমানও শুনানিতে অংশ নেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, মোট ৬৫ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্তি হিসেবে আরও নথিপত্র রয়েছে। তদন্তকালে মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে ছয়টি সিদ্ধান্ত রয়েছে।

বিচারিক তদন্তে ছয় সিদ্ধান্ত

ষষ্ঠ সিদ্ধান্তে বলা হয়, স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কান ধরে ওঠবস করতে বাধ্য হয়েছেন মর্মে ভিডিও ফুটেজ দেখে প্রতীয়মান হওয়ায় সেলিম ওসমানের নির্দেশে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কর্তৃক কান ধরে ওঠবসের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় এটিও প্রতীয়মান হয় যে, উপস্থিত স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সাংসদ ওই নির্দেশনা দেন।

পঞ্চম সিদ্ধান্ত অনুসারে, গত বছরের ১৩ মে আনুমানিক বিকেল পাঁচটায় সাংসদ সেলিম ওসমান ওই উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে অর্থাৎ প্রধান শিক্ষকের রুমে ঢুকে তাঁকে গাল-কান জড়িয়ে দুই হাত দিয়ে পরপর চারটি থাপ্পড় দেওয়াসংক্রান্ত প্রধান শিক্ষকের দাবির সত্যতা পাওয়া যায়নি।

চতুর্থ সিদ্ধান্তের ভাষ্য, গত বছরের ১৩ মে ওই উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা চলাকালে আনুমানিক ১১টায় স্থানীয় মসজিদ থেকে এরূপ ঘোষণা দেওয়া হয় যে, প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। কে বা কারা ওই ঘোষণা দিয়েছেন, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ নিয়ে কমিটির সদস্যদের মধ্যে বিরোধের কারণে ওই ধরনের ঘোষণা দেওয়া হতে পারে বলে বিশ্বাস করার কারণ রয়েছে।

বিচারিক তদন্ত প্রতিবেদনের তৃতীয় সিদ্ধান্তে বলা হয়, গত বছরের ১৩ মে ওই স্কুলের পরিচালনা পর্ষদের সভা চলাকালে স্থানীয় জনৈক শামসুল হকের ছেলে অপুর নেতৃত্বে ১০–১২ জন লোক সভাকক্ষে প্রবেশ করে ওই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর করার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। তবে অপু ছাড়া অপর ১০–১২ জনের নাম কোনো সাক্ষীই প্রকাশ করেননি। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়, ওই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত ৮ মে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, এমন দাবির সত্যতা পাওয়া যায়নি। প্রথম সিদ্ধান্ত অনুসারে, ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রিফাত হাসানকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত ৮ মে উপর্যুপরি মারধর করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

শুনানিতে অংশ নিয়ে এম কে রহমান বলেন, ছয়টি সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে কান ধরে ওঠসব করানো, মারধর করা ও শিক্ষক কটূক্তি করেননি বলে প্রমাণিত হয়েছে। বিচারিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত দিতে পারেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

আদেশে বলা হয়, বিচারিক তদন্তের সিদ্ধান্তে দেখা যায়, অপু নামের একজনের নেতৃত্বে ১০-১২ জন শ্যামল কান্তি ভক্তকে মারধর করে এবং স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে শিক্ষক কান ধরে ওঠবস করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব দেশের আইন নিরপেক্ষ ও বৈষম্য ছাড়া প্রয়োগ করা। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কেউই আইনের ঊর্ধ্বে নন, সবাই আইনের অধীন—এটি আইনের শাসনের মর্মবাণী। বিচারিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিচারের স্বার্থে এটি যথাযথ বলে প্রতীয়মান হয়।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, গত বছরের ১৩ মে বন্দর থানায় পুলিশ ওই জিডি করে। এটি নারায়ণগঞ্জের আদালতে নথিভুক্ত আছে। এই জিডি অ-আমলযোগ্য অপরাধ বিবেচনায় দণ্ডবিধির ৩৫৫ ধারায় নন এফআইআর মামলা হিসেবে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে ঢাকার মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদালত এখন এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে গত বছরের ১৩ মে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করার ঘটনাটি প্রকাশ পেলে দেশজুড়ে নিন্দা-প্রতিবাদের ঝড় বয়ে যায়। স্থানীয় সাংসদ সেলিম ওসমানই যে সেদিন শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে ওঠবস করার নির্দেশ দিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তা দেখা যায়। ওই ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে গত ১৮ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। নির্দেশ অনুসারে পুলিশ প্রতিবেদন দাখিল করে। ওই ঘটনায় পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে গত বছরের ১০ আগস্ট হাইকোর্ট পুরো ঘটনা তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। তদন্ত শেষে ১৯ জানুয়ারি ওই প্রতিবেদন দাখিল করা হয়, যা গতকাল শুনানির জন্য ওঠে। ওই ঘটনার পরপরই শিক্ষক শ্যামল কান্তিকে চাকরিচ্যুত করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নিন্দা-প্রতিবাদের মধ্যে দুই দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ায় বিদ্যালয় কমিটিও বাতিল করা হয়। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা নেওয়ার পর ওই বছরের জুলাই মাসে স্কুলে ফিরে যান শ্যামল কান্তি।