‘ধর্ম অবমাননার’ অভিযোগে লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান
শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিচার ও তাঁকে বহিষ্কারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন।
‘সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে’ গতকাল শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতে ইসলামের জেলা আমির আবদুল আউয়াল এ সময়সীমা বেঁধে দেন। দাবি আদায় না হলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জে আয়োজিত এক মানববন্ধনে কলামিস্ট, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেছেন, শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানকে সাংসদ পদ থেকে বহিষ্কার ও নারায়ণগঞ্জবাসীর সামনে কান ধরে ওঠবস করতে হবে।
জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ‘সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে তাহরিকে নবুয়্যতে বাংলাদেশের আমির সায়্যেদ এনায়েতপুরী আব্বাসী জৈনপুরী, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক আবদুল কাদির, নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে আবদুল আউয়াল প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিচারে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এ সময়ের মধ্যে তাঁর বিচার করা না হলে গণজমায়েত করা হবে। হরতাল আসবে। অবরোধ আসবে। কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
সাংস্কৃতিক জোটের মানববন্ধন: প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে জেলা সাংস্কৃতিক জোট মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সেলিম ওসমানকে শাস্তি পেতেই হবে। নারায়ণগঞ্জের মাটিতেই সেলিম ওসমানকে কান ধরে ওঠবস করানো হবে। শুধু কান ধরে ওঠবস করালেই চলবে না, তাঁর চরম শাস্তি আমরা চাই।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান।