শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষের মামলা তদন্তের নির্দেশ
নারায়ণগঞ্জের বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বন্দর থানার পরিদর্শককে (তদন্ত) নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফ এ আদেশ দেন। আদালত আগামী ৪ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন। ওই দিনই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।
গত বৃহস্পতিবার ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থী রিফাতকে মারধর ও শিক্ষককে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে পৃথক তিন বাদী নারায়ণগঞ্জ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে তিনটি মামলার আবেদন করেন। আদালত ওই দিন বিকেলে শুনানি শেষে প্রথম দুটি মামলা খারিজ করে দেন। এবং পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমকে প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান বলেন, মোর্শেদা বেগমকে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দুই দফায় তাঁর কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। কিন্তু তাঁকে এমপিওভুক্ত করতে তিনি কোনোরূপ সহায়তা করেননি। শ্যামল কান্তি ভক্ত ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন এমন অভিযোগ তুলে গত ১৩ মে সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীকে স্কুলের মাঠে জড়ো হতে আহ্বান জানানো হয়। পরে একপর্যায়ে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে তাঁকে কান ধরে ওঠ-বস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
এ নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি তদন্ত করতে সরকারিভাবে কমিটি গঠন করা হয়। ১৯ মে সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। বিদ্যালয়ের ওই পরিচালনা কমিটি বাতিল করার আর শ্যামল কান্তিকে স্বপদে বহাল রাখার কথা জানান শিক্ষামন্ত্রী।
এরই ধারাবাহিকতায় ১০ জুলাই স্বপদে যোগ দেন শ্যামল কান্তি। তবে বর্তমানে তিনি ছুটিতে আছেন।