

লাল রঙের টি-শার্ট শরীরে পরে বিজয়ী শিক্ষার্থীরা যেন আনন্দ-উচ্ছ্বাসে হাওয়ায় ভাসছিল! প্রত্যেকের গলায় মেডেল আর হাতভর্তি বই। কেউ কেউ ভি-চিহ্নও দেখাল। কিছুক্ষণ পর পর থেমে থেমে হর্ষচিৎকারে প্রকম্পিত হতে থাকে চারপাশ। অভিভাবকেরা সন্তানের কৃতিত্ব মুঠোফোনের সাহায্যে দৃশ্য ধারণ করতেও ভুললেন না। পাহাড়-টিলা আর চা-বাগানঘেরা শ্যামল সিলেটে গত ২১ মার্চ যেন উৎসবের নতুন মাত্রা প্রত্যক্ষ করল শিক্ষার্থীরা।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সিলেট অঞ্চলে আয়োজিত ভাষা প্রতিযোগ উৎসবে ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এসব শিক্ষার্থী যখন আয়োজকদের কাছ থেকে বিজয়ী পোশাক হিসেবে পাওয়া লাল রঙের টি-শার্ট পরে মূল মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিল, তখন মুহুর্মুহু করতালিতে অন্যরাও তাদের স্বাগত জানায়। অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী সবার অংশগ্রহণে ভাষা প্রতিযোগকে ঘিরে এক প্রাণবন্ত উৎসব হয়ে গেল। এ যেন শ্যামল সিলেটে ‘লাল উৎসব’।

সিলেট নগরের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে প্রতিযোগ শুরু হয় সকাল সাড়ে নয়টায়। জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগ শুরু হয়। উদ্বোধনের পর ৪০ মিনিটের পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন দেশের প্রখ্যাত ভাষাবিদেরা। ফাঁকে ফাঁকে লোকগান পরিবেশিত হয়। সবশেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রতিযোগ উপলক্ষে বিদ্যালয়ের খোলা মাঠে বিশালাকার প্যান্ডেল তৈরি করা হয়েছিল। কাপড়ের ত্রিপল দিয়ে তৈরি হয়েছিল ছাদ। সেই ছাদ ছুয়ে সুতা দিয়ে সাঁটানো হয়েছিল কর্কশিট কেটে তৈরি করা অসংখ্য বর্ণমালা। আর এ বর্ণমালা ঘিরেই ছিল শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস। সেদিন কেবল বর্ণমালার প্রেমেই নয়, বরং মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দেশপ্রেমে আত্মনিবেদিত হওয়ার অবিচল প্রত্যয়ও ব্যক্ত করেছিল শিক্ষার্থীরা।
সুমনকুমার দাশ