শ্যামলকান্তির বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের লাঞ্ছিত স্কুলশিক্ষক শ্যামলকান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফ গতকাল শনিবার দুপুরে এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালতে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, আগামী ৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে গত বৃহস্পতিবার ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থী রিফাতকে মারধর ও এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে তিনটি মামলার আবেদন করেন তিন ব্যক্তি। শুনানি শেষে আদালত ওই দিন বিকেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও রিফাতকে মারধরের অভিযোগ খারিজ করে দেন। আর ঘুষ নেওয়ার অভিযোগে মামলার বিষয়ে আদেশের জন্য শনিবার দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান বলেন, বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা মোর্শেদা বেগম এ মামলার আবেদন করেছিলেন। তাঁকে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্যামলকান্তি দুই দফায় তাঁর কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। কিন্তু তাঁকে এমপিওভুক্ত করতে তিনি কোনোরূপ সহায়তা করেননি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তিকে শারীরিক নির্যাতন এবং জাতীয় পার্টির স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে।