শ্যামলী ও কমলাপুরে গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলীতে আজ দুপুরে গুলি করে মঞ্জুরুল আলম নামের এক প্রকৌশলীর আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া কমলাপুরে মোস্তফা কামাল নামের এক ব্যবসায়ীর পায়ে গুলি করে অর্ধলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঞ্জুরুলের চাচা আকবর আলী জানান, মোবাইল অপারেটর রবির প্রকৌশলী হিসেবে কাজ করেন মঞ্জুরুল। দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামলীর রিং রোডে ডাচ-বাংলা ব্যাংক থেকে আড়াই লাখ টাকা নিয়ে বের হচ্ছিলেন তিনি। এ সময় তিন যুবক একটি মোটরসাইকেলে এসে তাঁর ডান পায়ে দুটি গুলি করে। এরপর তারা তাঁর ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ব্যাগটিতে টাকা ছাড়াও মঞ্জুরুলের পাসপোর্টসহ যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

এদিকে কমলাপুর ছয় নম্বর বাস কাউন্টারের সামনে প্লাস্টিকসামগ্রীর ব্যবসায়ী মোস্তফা কামালের পায়ে গুলি করে তাঁর ব্যাগটি ছিনিয়ে নেয় পাঁচ যুবক।