নীলফামারী জেলার সৈয়দপুর শহরে গতকাল বুধবার ছিল শোকের আবহ। ঢাকা-চট্টগ্রামগামী কোচ কাউন্টারগুলোতে উড়ছিল কালো পতাকা, ঝুলছিল তালা। কোচ কাউন্টার ম্যানেজার সমিতি সভা ডেকে শোক দিবসের কর্মসূচি পালন করে। আগের দিন ঘটে যাওয়া দুর্ঘটনাকে শ্যামলী পরিবহনের পক্ষ থেকে নাশকতা বলা হচ্ছে। ব্যাপক প্রাণহানি ঘটাতেই এমনটি করা হয়েছিল বলে তাদের ধারণা।মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের ব্যস্ততম শহীদ ডা. জিকরুল হক সড়কে শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলে এক বৃদ্ধের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় ১০ বছরের এক শিশু। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যবসায়ী কলিম উদ্দিন (৩৫)। আহত হয় প্রায় ২০ জন। ক্ষতিগ্রস্ত হয় ৫০টি দোকান ও স্থাপনা। বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৈশকোচটি রওনা হওয়ার কিছুক্ষণ পরই চালক জানালা খুলে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, ব্রেক কাজ না করায় চালক এই আচরণ করে থাকতে পারেন।শ্যামলী পরিবহন কাউন্টারের ম্যানেজার আবদুর রহিম মুঠোফোনে আলাপকালে দাবি করেন, দুর্ঘটনার সময় বাসের চালক কাউন্টারে বসে তাঁর সঙ্গে চা খাচ্ছিলেন। তিনি দেখেছেন, বাসটি চলতে শুরু করে ও বিভিন্ন দোকান-প্রতিষ্ঠানে হানা দিতে থাকে। বাসের সামনে পড়ে অনেক রিকশা-ভ্যান, মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। অথচ এ সময় বাসে কোনো চালক ছিল না। তাঁর দাবি, এটি নাশকতা। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের অবশ্যই ক্ষতিপূরণ দেবে বলে সংযোগ কেটে দেন তিনি।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নজিরবিহীন ওই দুর্ঘটনার পর সৈয়দপুর শহরের ভেতর দিয়ে সব রকম দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নাশকতার বিষয়ে তিনি কিছু বলতে চাননি।কোচ কাউন্টার ম্যানেজার সমিতির সভাপতি খন্দকার শাহীন জানান, দুর্ঘটনাটি অনেক রহস্যের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সভা করে শোক দিবসের কর্মসূচি দেওয়া হয়েছে। নিহতদের স্মরণে শুক্রবার মিলাদ মাহফিল করা হবে।